২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী বিতর্কে প্রতিদ্বন্দ্বিদের ত্রিমুখী আক্রমণের মুখে হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী ৩ ডেমোক্র্যাট প্রার্থীর ত্রিমুখী আক্রমণের শিকার হয়েছেন হিলারি ক্লিনটন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামা, জন এডওয়ার্ডস এবং ক্রিস ডড প্রতিপক্ষ হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ইরান ইস্যুতে কঠোর অবস্থান এবং রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য বারবার মত পাল্টানোর অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 09:51 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ফিলাডেলফিয়া, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী ৩ ডেমোক্র্যাট প্রার্থীর ত্রিমুখী আক্রমণের শিকার হয়েছেন হিলারি ক্লিনটন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামা, জন এডওয়ার্ডস এবং ক্রিস ডড প্রতিপক্ষ হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ইরান ইস্যুতে কঠোর অবস্থান এবং রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য বারবার মত পাল্টানোর অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্রে ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানে এখন পর্যন্ত জনসমর্থনের দিক দিয়ে এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। জনমত জরীপে তার প্রতিই জনসমর্থন বেশি দেখা গেছে। তার এই বিপুল জনপ্রিয়তা ক্ষুন্ন করার চেষ্টায়ই বিতর্কে আক্রমণাত্মক অবস্থান নেন হিলারির প্রতিদ্বন্দ্বিরা। হিলারির নেতৃত্ব নিয়ে সংশয় সৃষ্টি করতে তারা বলেন, "সময়ে সময়ে একপেশে হয়ে যাওয়া রাজনীতিবিদ হিলারির ওপর বিরাধীরা প্রায়ই ক্ষুব্ধ হয়। ফলে হিলারির পক্ষে আগামী বছর কোনো রিপাবলিকান প্রার্থীকে মোকাবিলার জন্য শক্তিশালী কোয়ালিশন গড়ে তুলতে স্বতন্ত্র প্রার্থীদের আকৃষ্ট করা কঠিন হতে পারে। " কানেকটিকাটের সিনেটর ক্রিস ডড এমন কিছু সংখ্যক ভোটারের কথা তুলে ধরেন যারা বিভিন্ন জনমত জরিপে বরাবরই বলে এসেছেন যে, তারা কোনো অবস্থাতেই হিলারিকে ভোট দেবেন না। ড্রেস্কেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিতর্কে ডড বলেন, "আসল ব্যাপার হচ্ছে, আমার সহকর্মী সিনেটর হিলারি ক্লিনটনের ব্যাপারে মার্কিন জনগণের ৫০ শতাংশই বলেছেন, তারা তাকে ভোট দেবেন না। একটি রাজনৈতিক দল হিসাবে আমাদেরকে অবশ্যই বিষয়টি বিবেচনায় নিতে হবে।" হিলারির পরেই জনসমর্থনের দিক দিয়ে এগিয়ে থাকা প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। ওবামা বলেন, "হিলারি বাণিজ্য, ইরাক এবং এরকম আরও অনেক ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছেন। যখনই এটি রাজনৈতিকভাবে সুবিধাজনক মনে হয়েছে তখনই তিনি তা করেছেন।" এডওয়ার্ডস বলেন, "হিলারি ইরানের সেনা ইউনিটকে সন্ত্রাসী দল হিসাবে গণ্য করা সংক্রান্ত সিনেট প্রস্তাবনায় ভোট দিয়ে প্রকারান্তরে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পট প্রস্তুত করায় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকেই সহায়তা করেছেন। তিনি আরও বলেন, "ইরান ইস্যুতে বুশের বিরুদ্ধে দাঁড়ানোর কথা মুখে বললেও হিলারি প্রকৃতপক্ষে ইরানের বিরুদ্ধে বুশের সামরিক শক্তি ব্যবহারের প্রথম ধাপকেই এগিয়ে নিয়েছেন।" হিলারি অবশ্য বলছেন ইরান সংক্রান্ত ওই প্রস্তাবনায় তার ভোটদানের উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার চেষ্টা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪১ঘ.