সিরতি, লিবিয়া, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সুদানের দারফুর অঞ্চলে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী সহিংসতা অবসানের লক্ষ্যে শনিবার লিবিয়ায় শুরু হয়েছে শান্তি আলোচনা। তবে দারফুরের প্রধান তিনটি বিদ্রাহী গ্র"প আলোচনায় অনুপস্থিত থাকায় এর সফলতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
লিবিয়ার সিরতিতে আফ্রিকান ইউনিয়ন (এইউ) এবং জাতিসংঘের মধ্যস্থতায় অনুষ্ঠেয় এ আলোচনার প্রাক্কালে দারফুরের প্রধান দুটি বিদ্রোহী সংগঠন 'জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্ট' (জেম) এবং 'সুদান লিবারেশন আর্মি (এসএলএ) ইউনিটি' জানায় যে, তারা এ আলোচনায় অংশ নেবে না।
এর আগে অপর বিদ্রোহী সংগঠন 'সুদান লিবারেশন আর্মি' (এসএলএ) এর নেতা আবদেল ওয়াহিদ মোহাম্মেদ এল-নূর জানান, আলোচনার জন্য তিনি লিবিয়ায় যাবেন না।
জেম ও এসএলএ ইউনিটি সুদান সরকারের জন্য সবচেয়ে বড় সামরিক হুমকি এবং দারফুরবাসীর কাছে নূরের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। বিশ্লেষকরা বলছেন, তাদের অনুপস্থিতিতে লিবিয়ার শান্তি আলোচনা সফল হওয়ার সম্ভাবন খুবই ক্ষীণ।
তবে সিরতির আলোচনায় সফলতা না আসলেও এ বছরের শেষ নাগাদ দারফুর ইস্যুতে কিছু সফলতা আসবে বলে আশা করছেন জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়নের কর্মকর্তারা।
এইউ মুখপাত্র নূরেদ্দিন মেজনি বলেন, "এটা একটা বা দুইটা আলোচনার বিষয় নয়। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। আমরা আশা করছি, আলোচনা শুরু হতে থাকায় অন্যরাও এতে অংশ নেবে।"
২০০৬ সালে এইউ'র মধ্যস্থতায় নাইজেরিয়ার আবুজায় অনুষ্ঠিত আলোচনার পর দারফুরের বিদ্রোহী সংগঠনগুলো এবং সুদান সরকারকে একটি আলোচনার টেবিলে বসানোর সর্বশেষ প্রচেষ্টা ছিল এটি।
উল্লেখ্য, অবহেলার অভিযোগ এনে ২০০৩ সালে সুদানের দারফুর এলাকার বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়। সেই থেকে সেখানকার সহিংসতায় প্রায় দুই লাখ লোকের প্রাণহানি হয়েছে বলে অভিযোগ জানিয়ে আসছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
যদিও সুদান সরকার দাবি করছে যে, পশ্চিমা সংবাদ মাধ্যম নিহতের সংখ্যা অতিরঞ্জিত করেছে এবং সহিংসতায় নিহত হয়েছে মাত্র নয় হাজার লোক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/২২৩৫ ঘ.
bdnews24