২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরাক অভিযানের হুমকি তুরস্কের

উত্তর ইরাকে বড় ধরনের সামরিক অভিযানের হুমকি দিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান। অভিযান এড়াতে ইরাকের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর শনিবার তিনি এই হুমকি দেন। এর আগে শুক্রবার উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহিদের অবস্থানে বিমান হামলা চালায় তুরস্ক। ইজমিতে এক সমাবেশে তায়েপ এরদোয়ান বলেন, "অভিযানের প্রয়োজন হলেই আমরা পদক্ষেপ নেব। এজন্য আমাদের কারো অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না।" এর আগে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে পিকেকে বিদ্রোহিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার অভিযোগ অনেন। তিনি বলেন, "আমরা পদক্ষেপ দেখতে চাই। এক্ষেত্রে কেউ ব্যর্থ হলে তার আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 05:53 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

আঙ্কারা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর ইরাকে বড় ধরনের সামরিক অভিযানের হুমকি দিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান। অভিযান এড়াতে ইরাকের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর শনিবার তিনি এই হুমকি দেন। এর আগে শুক্রবার উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহিদের অবস্থানে বিমান হামলা চালায় তুরস্ক। ইজমিতে এক সমাবেশে তায়েপ এরদোয়ান বলেন, "অভিযানের প্রয়োজন হলেই আমরা পদক্ষেপ নেব। এজন্য আমাদের কারো অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না।" এর আগে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে পিকেকে বিদ্রোহিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার অভিযোগ অনেন। তিনি বলেন, "আমরা পদক্ষেপ দেখতে চাই। এক্ষেত্রে কেউ ব্যর্থ হলে তার আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।" সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, "সন্ত্রাসবাদকে কেউ এড়িয়ে গেলে বুঝতে হবে তিনি সন্ত্রাসবাদকে সহযোগিতা করছেন।" এদিকে, উত্তর ইরাকে তুরস্কের বড় ধরনের সামরিক অভিযান ঠেকানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে ইরাক। তবে আঙ্কারায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে শুক্রবার অনুষ্ঠিত আলোচনায় তেমন কোনো সফলতা আসেনি। আলোচনায় ইরাক যেসব প্রস্তাব দিয়েছে তা সন্তোষজনক নয় বলে অভিহিত করেছে তুরস্ক। তুরস্ক ইরাকের কাছে উত্তর ইরাকের নিষিদ্ধ ঘোষিত কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যদের একটি তালিকা দিয়েছে এবং বাগদাদের কাছে সেখানকার সকল বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীকে হস্তান্তরের দাবি জানিয়েছে। পিকেকে বিদ্রোহিদের উল্লেখ করে শুক্রবার তুরস্কের উপ-প্রধানমন্ত্রী কামিল সিসেক বলেন, "সেখানকার সবাই অপরাধী। একটি সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ায় তারা অপরাধী। আমরা চাই তাদের সবাইকে হস্তান্তর করা হোক।" উত্তর ইরাকের প্রায় তিন হাজার কুর্দি গেরিলা নির্মূলের লক্ষ্যে একটি বড় সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে তুরস্ক। তুরস্কের অভিযোগ, পিকেকে গেরিলারা উত্তর ইরাক থেকে তুরস্কে হামলা চালাচ্ছে। শুক্রবার সঙ্কট সমাধানে আঙ্কারায় আলোচনা হলেও একইদিন ইরাক সীমান্তে আরও সেনা পাঠায় তুরস্ক। রাষ্ট্র পরিচালিত আনাতোলি সংবাদ সংস্থা জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার হেলিকপ্টার ও যুদ্ধবিমান দিয়ে পিকেকে অবস্থানে হামলা চালানো হয়েছে। ইরাকের ভেতরে কুর্দি গেরিলাদের অবস্থানে তুরস্কের বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিসেক। তিনি বলেন, "বিমানবাহিনী (ইরাকের ভেতরে) অভিযান পরিচালনা করেছে। তবে সেটা বড় ধরনের অভিযান ছিল না। তারা কান্দিল পর্বতমালা পর্যন্ত যায় নি। এই পর্বতগুলো ইরাকের একশ' কিলোমিটার ভেতরে অবস্থিত।" ইরাকে পুরোদস্তুর হামলা ঠেকাতে ইরাকি, তুর্কি এবং মার্কিন কর্মকর্তাদের জোর প্রচেষ্টার মাঝেও তুরস্ক সীমান্তে সেনা বাড়িয়ে চলেছে। তুরস্কের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুজনই বলেছেন, তাদের দেশ ইরাক থেকে পিকেকে গেরিলাদের হামলা সহ্য করবে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৫৩ ঘ.