২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড তারকা সঞ্জয় দত্ত আবারও জেলে

অস্ত্র মামলায় আবারও জেলে গেলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। মুম্বাই আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর তাকে জেলে নেওয়া হয়েছে। সোমবার সঞ্জয় দত্তকে মুম্বাইয়ের কারগারে নিয়ে যাওয়া হয়েছে। পরে হয়তো তাকে পশ্চিমাঞ্চলীয় শহর পুনের কারাগারে নিয়ে যাওয়া হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 01:26 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

মুম্বাই, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ত্র মামলায় আবারও জেলে গেলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। মুম্বাই আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর তাকে জেলে নেওয়া হয়েছে। সোমবার সঞ্জয় দত্তকে মুম্বাইয়ের কারগারে নিয়ে যাওয়া হয়েছে। পরে হয়তো তাকে পশ্চিমাঞ্চলীয় শহর পুনের কারাগারে নিয়ে যাওয়া হতে পারে। ১৯৯৩ সালে মুম্বাইতে ভারতের এ যাবতকালের অন্যতম ভয়াবহ বোমাহামলাকারীদের কাছ থেকে অবৈধভাবে একটি একে-৪৭ রাইফেল ও একটি পিস্তল রাখার দায়ে সঞ্জয় দত্তকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। কিন্তু ওই হামলার ষড়যন্ত্র থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। সাজার বিরুদ্ধে সঞ্জয় দত্ত সুপ্রিম কোর্টে আপিল করলে তিনি জামিন পান। ১৯৯৩ সালের বোমা হামলা মামলায় চার হাজর তিনশ' পৃষ্ঠার মুম্বাই বিশেষ আদালতের রায়ের কপি না পাওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। গত ৩১ জুলাই থেকে সঞ্জয় দত্তের সাজা শুরু হয়। কিন্তু তিনি সুপ্রিম কোর্টে আবেদন করায় ২৪ দিন কারাগারে থাকার পর তিনি জামিনে বেরিয়ে আসেন। এরপর সোমবার আবার তাকে কারাগারে নিয়ে যাওয়া হল। পুলিশ কর্মকর্তারা যখন এই বলিউড তারকাকে কারাগারে নিয়ে যাচ্ছিলেন তখন তার পরনে ছিল নীল শার্ট ও জিন্সের প্যান্ট। এ সময় তিনি মোবাইলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বোনের সঙ্গে কথা বলেন। সঞ্জয় দত্তের আইনজীবীরা জানিয়েছেন আদালতের রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে আবেদন করবেন এবং আবারও জামিন চাইবেন। সঞ্জয় দত্তের আইনজীবী জানান, আদালতের রায়ের কপি না পাওয়া পর্যন্ত তার মক্কেল মামলা লড়তে পারবেন না। চার হাজর তিনশ' পৃষ্ঠার রায়ের মধ্যে ৮৬ পৃষ্ঠা সঞ্জয় দত্তকে নিয়ে। ১৯৯৩ সালের বোমা হামলার দায়ে ১০০ জনকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জনকে মৃত্যুদণ্ড, ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯১১ঘ.