২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় বিমানবাহিনীর ঘাঁটিতে তামিল টাইগারদের বিমান হামলা

শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে অবস্থিত বিমানবাহিনীর একটি ঘাঁটিতে সোমবার ভোররাতে বোমা হামলা করেছে তামিল টাইগার গেরিলাদের বিমান শাখা। শ্রীলঙ্কার সেনাবাহিনী একথা জানিয়েছে। এদিকে, তামিল টাইগার গেরিলারা বলেছে, তাদের আত্মঘাতী যোদ্ধারা এ যাবতকালের সবচেয়ে বড় স্থল অভিযান শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 08:51 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

কলম্বো, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে অবস্থিত বিমানবাহিনীর একটি ঘাঁটিতে সোমবার ভোররাতে বোমা হামলা করেছে তামিল টাইগার গেরিলাদের বিমান শাখা। শ্রীলঙ্কার সেনাবাহিনী একথা জানিয়েছে। এদিকে, তামিল টাইগার গেরিলারা বলেছে, তাদের আত্মঘাতী যোদ্ধারা এ যাবতকালের সবচেয়ে বড় স্থল অভিযান শুরু করেছে। শ্রীলঙ্কার উত্তর-মধ্য অঞ্চলীয় জেলা অনুরাধাপুরের বিমানবাহিনীর ঘাঁটিতে বিমান হামলা চালায় টাইগাররা। এর আগে এ বছরের প্রথম দিকে টাইগাররা একটি তেল স্থাপনা এবং শ্রীলঙ্কার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত বিমানবাহিনীর একটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল। একইসঙ্গে তারা আরও বিমান হামলা চালানোর হুমকিও দেয়। সেনাবাহিনী জানায়, হামলায় ঘাঁটিতে কর্তব্যরত পাঁচজন নিহত এবং অপর ২২ জন আহত হয়। এছাড়া, ঘাঁটিটির কয়েক কিলোমিটার দূরে একটি হেলিকপ্টার গানশিপ বিধ্বস্ত হয়ে তার চার ক্রু নিহত হয়েছে। সেনাবাহিনী আরও জানায়, গেরিলা হামলায় নয়, যান্ত্রিক ত্র"টির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, সে সময় ঘাঁটিটিতে হওয়া স্থলযুদ্ধে তামিল টাইগারদের ২০ যোদ্ধা নিহত হয়েছে। তবে সত্যিই ঘাঁটিতে কী হয়েছিল এবং কত সংখ্যক লোক নিহত হয়েছে সে সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। হামলা চালিয়ে টাইগারদের বিমানটি পালিয়ে যায়। শ্রীলঙ্কা সরকারের প্রতিরক্ষা মুখপাত্র কেহেলিয়া রামবুকয়েলা বলেন, "ঘাঁটিতে আমরা এলটিটিই গেরিলাদের ২০টি লাশ পেয়েছি এবং আর কোনো লাশ আছে কিনা সেজন্য তল্লাশি চালাচ্ছি।" তিনি বলেন, "এটা আমাদেরকে সন্ত্রাসবিরোধী যুদ্ধ থেকে পিছ পা করবে না।" বিমানবাহিনী এক মুখপাত্র জানিয়েছেন, হামলায় দুটি এমআই-২৪ হেলিকপ্টার এবং একটি প্রশিক্ষণ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, এলটিটিইর সেনা মুখপাত্র রশিয়া ইলানথিরাইয়ান টেলিফোনে রয়টার্সকে বলেছেন, "এটা ছিল আমাদের বিমানবাহিনী ও স্থলবাহিনীর এক যৌথ হামলা। অনুরাধাপুর বিমান ঘাঁটি ছিল হামলার লক্ষ্যবস্তু।" তিনি আরও বলেন, "এ ধরনের আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না আমরা।" তিনি বলেন, ২১ জন ব্লাক টাইগার্স আত্মঘাতী যোদ্ধা স্থল অভিযানে অংশ নেয় এবং তারা এখনও ঘাঁটিটির কিছু অংশের নিয়ন্ত্রণ করছে। শ্রীলঙ্কা সেনাবাহিনী তার এ দাবি প্রত্যাখ্যান করে দিয়েছে। এলটিটিইর সেনা মুখপাত্র আরও বলেন, "১৯৮৭ সালের পর এটা ব্লাক টাইগার্স এর সবচেয়ে বড় হামলা। আমরা ঘাঁটিতে থাকা তাদের আটটি বিমানের ক্ষতি করেছি।" উল্লেখ্য, শ্রীলঙ্কার নিরাপত্তারক্ষী ও এলটিটিই গেরিলাদের মধ্যে ১৯৮৩ সালে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার লোকের প্রাণহানি হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৪৭ঘ.