হংকং, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার মার্কিন পুরস্কার প্রাপ্তি নিয়ে উৎফুল্ল তিব্বতের শ' শ' বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে গত চার দিন সংঘর্ষ হয়েছে পুলিশের। হিমালয় অঞ্চলে অবস্থিত চীনা প্রদেশ তিব্বতের রাজধানী লাসায় হয় এ সংঘর্ষ। হংকংয়ের একটি সংবাদপত্র রোববার একথা জানিয়েছে।
চীন দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে গন্য করে আসছে। তাকে মার্কিন কংগ্রেসের স্বর্ণ পদক দেওয়ার বিষয়টিকে কঠোর ভাষায় নিন্দা জানিয়ে সে পুরস্কারকে একটি "প্রহসন" অভিহিত করেছে চীন। একইসঙ্গে চীন এক প্রতিক্রিয়ায় জানায়, এর ফলে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।
মিং পাও পত্রিকা জানায়, সংঘর্ষের পর লাসার ঝাইবুং মঠ থেকে প্রায় ১১শ' বৌদ্ধ ভিক্ষু এবং কয়েক ডজন পর্যটককে বাইরে আসার অনুমতি দেওয়া হয়নি। তখন তিন হাজার দাঙ্গা পুলিশ মঠটি ঘিরে রেখেছিল।
সংঘর্ষের কেউ আহত বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানায়নি হংকংয়ের পত্রিকাটি। তবে তারা জানিয়েছে, পার্শ্ববর্তী একটি মঠেও সংঘর্ষ হয় এবং এলাকাটির প্রধান প্রধান সড়কে চেকপয়েন্ট বসানো হয়েছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ গত বুধবার দালাই লামাকে ওই পুরস্কার দেন। একইসঙ্গে তিনি দালাই লামার সঙ্গে আলোচনা শুরু করার জন্যও চীনের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৫৯ ঘ.
bdnews24