মস্কো/আঙ্কারা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস শনিবার জানিয়েছেন, উত্তর ইরাকে অভিযান না চালানোর জন্য তিনি তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন।
মস্কো সফররত রাইস সাংবাদিকদের বলেন, "আমি তুরস্ককে সংযত হওয়ার আহ্বান জানিয়েছি।" শুক্রবার টেলিফোনে তুরস্কের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে তিনি জানান।
এদিকে প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোম্যান তুর্কিদের হাতে আর্মেনীয় হত্যার বিষয়টিকে একটি 'গণহত্যা' হিসাবে অনুমোদন দেওয়ার পর তুরস্ককে শান্ত করতে রোববার আঙ্কারার উদ্দেশ্যে রওনা হয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।
মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডেন ফ্রেইড ও প্রতিরক্ষা দফতরের আন্ডারসেক্রেটারি এরিক এদেলম্যান মস্কো থেকে আঙ্কারায় পোঁছেছেন। পররাষ্ট্রমন্ত্রী রাইসের সফরসঙ্গী হয়ে তারা মস্কোয় ছিলেন।
'গণহত্যার' বিষয়টি ছাড়াও মার্কিন কর্মকর্তারা সেখানে উত্তর ইরাকে তুরস্কের অভিযানের পরিকল্পনার বিষয়ে আলোচনা করতে পারেন।
কুর্দি বিদ্রোহীদের উপর হামলার জন্য উত্তর ইরাকে অভিযানের ব্যপারে তুর্কি সরকার আগামী সপ্তাহে পার্লামেন্টের অনুমোদান চাইতে পারে। কয়েকদিন আগে তুরস্কের প্রধানমন্ত্রী তাইপ এরদোগান নিশ্চিত করেছেন উত্তর ইরাকে অভিযানের পরিকল্পনা করছে তার সরকার। এরপর গত বৃহস্পতিবার কুর্দি বিদ্রোহীরা জানায় তুরস্কের রাজনীতিবীদ ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার জন্য তাদের যোদ্ধারা তুরস্কের দিকে রওনা হয়েছে।
প্রধানমন্ত্রী এরদোগান গত শুক্রবার জানান, উত্তর ইরাকে কুর্দি গেরিলাদের ওপর হামলা চালানো শুরু করলে যদি আন্তর্জাতিক অঙ্গন থেকে সমালোচনার ঝড় ওঠে তাহলে তা মোকাবিলায় প্রস্তুত আঙ্কারা।
ওই ধরনের কোনো হামলার বিশ্ব প্রতিক্রিয়া সম্পর্কে প্রশ্ন করা হলে এরদোগান সাংবাদিকদের বলেন, "আক্রমণের এ পথে যাওয়ার খরচ সম্পর্কে ইতিমধ্যেই হিসাব-নিকাশ করা হয়ে গেছে। যে খরচই হোক না কেন তা জোগাড় করা হবে।"
কুর্দি গেরিলারা তুর্কি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য উত্তর ইরাককে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করছে।
তুরস্ক চায় উত্তর ইরাকের এ সেনা অভিযানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও অংশ নিক। অন্যদিকে, এ ধরনের কোনো পদক্ষেপের বিরুদ্ধে সতর্কতা উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি
bdnews24