কাঠমান্ডু, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী নির্বাচনের আগে নেপালকে প্রজাতন্ত্র ঘোষণা ও নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্বের মাওবাদীদের দাবি নিয়ে বৃহস্পতিবার থেকে পার্লামেন্টে জরুরি অধিবেশন শুরু হয়েছে। এ নিয়ে পার্লামেন্টে বিতর্কের পর আগামী সপ্তাহে ভোটাভুটি হবে।
বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে পার্লামেন্টের বাইরে জড়ো হয় প্রায় পাঁচ হাজার মাওবাদী সমর্থক। এ সময় তারা রাজতন্ত্রের অবসান দাবি করে বিভিন্ন শ্লোগান দেন।
সরকার নেপালে এ মুহূর্তে রাজতন্ত্র অবাসানের লক্ষ্যে পার্লামেন্টে মাওবাদীদের প্রচেষ্টা রুখে দেওয়ারই চেষ্টা নেবে। সরকারে এক ঊর্ধ্বতন মন্ত্রী বৃহস্পতিবার একথা জানিয়েছেন। ফলে নেপালের সাবেক মাওবাদী বিদ্রোহিদের সঙ্গে সরকারের নতুন করে রাজনৈতিক বিরোধের আশঙ্কা করা হচ্ছে।
মাওবাদীদের সঙ্গে এই রাজনৈতিক অচলাবস্থার কারণে গত নভেম্বরের শান্তি চুক্তি হুমকির মুখে পড়েছে। নভেম্বরের ওই শান্তিচুক্তির মাধ্যমে দেশটিতে মাওবাদীদের এক দশকের গৃহযুদ্ধের অবসান ঘটে।
মাওবাদীরা তাদের দাবি পূরণের জন্য ইতিমধ্যে সরকার থেকে বেরিয়ে গেছে। এছাড়া আগামী ডিসেম্বরের নির্ধারিত নির্বাচনও পিছিয়ে দিয়েছে সরকার।
শান্তি ও পূর্ণবাসন মন্ত্রী রাম চন্দ্র পৌদেল বৃহস্পতিবার বলেন, "এটি একটি অসাংবিধানিক উদ্যোগ, এটা প্রত্যাহারের জন্য আমরা মাওবাদীদের প্রতি আহ্বান জানিয়েছি।"
মাওবাদীদের প্রধান নেতা প্রচন্ড ঘোষণা দিয়েছেন, তাদের দাবি মেনে নেয়া না হলে তারা সরকারের পতন ঘটাবেন। বিশ্লেষকরা বলছেন, রাজপথে বড় ধরনের বিক্ষোভ ও হরতালের মাধ্যমে মাওবাদীরা সরকারকে সমস্যায় ফেলতে পারে।
নেপালের মুল রাজনৈতিক দলগুলোও রাজতন্ত্রের অবসান চায়। তবে তাদের অনেকে মনে করে, আগামী নির্বাচনের পর নতুন সরকারই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
নেপালের সবচেয়ে বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের অন্যতম নেতা রাম চন্দ্র পৌদেল বলেন, "পার্লামেন্টে ভোটাভুটির সময় আমাদের দল মাওবাদীদের প্রস্তাব সমর্থন করার প্রশ্নই ওঠে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭১০ঘ.
bdnews24