২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার জান্তার নির্যাতনে বিরোধীদলীয় নেতার মৃত্যু

মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া এক বিরোধীদলীয় নেতা জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনে মারা গেছেন বলে দাবি করেছে ব্যাংকক ভিত্তিক একটি সংগঠন। এদিকে, ওই নেতার মৃত্যুর পর মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 03:22 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ব্যাংকক, অক্টোবর ১০ (বিডিনিউ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া এক বিরোধীদলীয় নেতা জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনে মারা গেছেন বলে দাবি করেছে ব্যাংকক ভিত্তিক একটি সংগঠন। এদিকে, ওই নেতার মৃত্যুর পর মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। 'দ্য এ্যসিসটেন্স এসোসিয়েশন ফর পলিটিক্যার প্রিজনার' (এএপিপি) জানায়, জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনে বিরোধীদল 'ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি'র নেতা উইন শোয়ের মৃত্যু হয়। মিয়ানমারে দুই দশকের সবচেয়ে বড় সামরিক জান্তাবিরোধী বিক্ষোভ চলাকালে বিক্ষোভে প্রত্যক্ষ সমর্থন দেওয়ার অভিযোগে গত ২৬ সেপ্টেম্বর শোয়েসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এএপিপি তাদের ওয়েবসাইটে জানায়, "শোয়ের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর না করে সৎকার করা হয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।" মিয়ানমারের সরকারি গণমাধ্যম বলে আসছে, সাম্প্রতিক বিক্ষোভে দশ জন নিহত হয়েছে। কিন্তু পশ্চিমা বিশ্ব মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি করে। এএপিপি তাদের বিবৃতিতে জানায়, "অনেক মৃতদেহসহ আহতদের পুড়িয়ে ফেলা হয়েছে বা নদীতে ফেলে দেওয়া হয়েছে। গত কয়েক দিন ইয়াঙ্গুনের নদীতে বৌদ্ধ ভিক্ষুদের মৃতদেহ ভাসতে দেখা গেছে।" হোয়াইট হাউসের মুখপাত্র গর্ডন জন্দ্রয়ে বুধবার এক বিবৃতিতে বলেন, "জান্তা সরকারকে অবশ্যই জনগণের ওপর বর্বরতা বন্ধ করতে হবে এবং শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের পথে এগুতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। এছাড়া গতকাল প্রকাশিত এক সাক্ষাতকারে মার্কিন ফাস্ট লেডি লরা বুশ বলেছেন, "মিয়ানমারের জান্তা যদি গণতন্ত্রের পথে না আগায় তাহলে তাদের বিরুদ্ধে কয়েক দিনের মধ্যে অবরোধ আরোপ করবে যুক্তরাষ্ট্র।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১১৫ঘ.