লন্ডন, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরর হামলার ছয় বছর পরও ব্যর্থ হচ্ছে "সন্ত্রাসবিরোধী যুদ্ধ।" উল্টো সন্ত্রাস-বিরোধী এ যুদ্ধ উগ্রপন্থি ইসলামিক আন্দোলনকে আরও জোরদার করছে। সোমবার ব্রিটেনের এক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান একথা বলেছেন।
অক্সফোড রিসার্চ গ্র"প (ওআরজি) এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী সন্ত্রাসী নেটওয়ার্ককে ভেঙ্গে অকার্যকর করতে হলে মৌলিক বিষয়গুলো আবারও ভেবে দেখা প্রয়োজন।
উত্তর ইংল্যান্ডের ব্রাডফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর এবং এ প্রতিবেদনের লেখক পল রজার্স বলেন, "আল কায়েদার আন্দোলন প্রতিহত করতে হলে তাদের সমর্থনের মূল বুঝতে হবে এবং ক্রমপরম্পরায় তা কমিয়ে আনতে হবে।"
তিনি বলেন, "প্রচলিত কর্মপন্থা এবং নিরাপত্তা পদক্ষেপগুলোর সমন্বয় ঘটিয়ে আল কায়েদাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে প্রত্যেক পর্যায়েই এ নীতিতে একটি পরিবর্তন প্রয়োজন পড়বে।"
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাক যুদ্ধকে তিনি "বিপর্যয়কর ভুল" অভিহিত করে বলেন, এর ফলে আল-কায়েদা সমর্থকদের একটি "সবচেয়ে মূল্যবান জিহাদি যুদ্ধ প্রশিক্ষণ অঞ্চল" প্রতিষ্ঠিত হয়েছে।
'সন্ত্রাসবিরোধী যুদ্ধের বিকল্প' শিরোনামের ওই প্রতিবেদনে অবিলম্বে ইরাক থেকে সমস্ত বিদেশি সেনা প্রত্যাহার এবং সিরিয়া ও ইরানসহ অঞ্চলটির দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
রজার্জ আফগানিস্তানেও সামরিক কর্মকাণ্ড সত্ত্বর কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন তার প্রতিবেদনে।
তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হলেও ৯/১১ এর পর থেকে করা ভুলগুলো সামাল দিতে কমপক্ষে আরও ১০ বছর সময় লাগবে।
তিনি আরও বলেছেন, "প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে ব্যর্থ হলে দশকের পর দশক ধরে চলতে পারে সন্ত্রাসবিরোধী যুদ্ধ।"
ইরানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার বিষয়েও রজার্স তার প্রতিবেদনে সতর্ক করেছেন। এজন্য তিনি যে কোনো মূল্যে ইরানের সঙ্গে যুদ্ধ এড়ানোর পরামর্শ দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৫১ ঘ.
bdnews24