২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে মুশাররফ জয়ী, ফলাফল আদালতে

পাকিস্তানের সামরিক শাসক জেনারেল পারভেজ মুশাররফ শনিবারের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে অধিকাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা একথা জানিয়েছেন। তবে সেনাপ্রধানের পদে থেকেই আবারও প্রেসিডেন্ট নির্বাচনে মুশাররফের অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে বিরোধীদের দায়ের করা রিট আবেদনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত এ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা যাবে না। ১৭ অক্টোবর এ শুনানি শেষ হওয়ার কথা রয়েছে। ফলে নির্বাচনে জয়লাভ করলেও মুশাররফের ভাগ্য ঝুলে থাকছে আইনের হাতেই। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 06:31 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ইসলামাবাদ, অক্টোবর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সামরিক শাসক জেনারেল পারভেজ মুশাররফ শনিবারের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে অধিকাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা একথা জানিয়েছেন। তবে সেনাপ্রধানের পদে থেকেই আবারও প্রেসিডেন্ট নির্বাচনে মুশাররফের অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে বিরোধীদের দায়ের করা রিট আবেদনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত এ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা যাবে না। ১৭ অক্টোবর এ শুনানি শেষ হওয়ার কথা রয়েছে। ফলে নির্বাচনে জয়লাভ করলেও মুশাররফের ভাগ্য ঝুলে থাকছে আইনের হাতেই। প্রধান নির্বাচন কমিশনার কাজি মুহাম্মাদ ফারুক ন্যাশনাল অ্যাসেম্বলিকে বলেন, পার্লামেন্টের দুটি কক্ষে ভোট দেওয়া ২৫৭ জন সদস্যের মধ্যে ২৫২ জনের ভোট পেয়েছেন মুশাররফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াজিহুদ্দিন আহমেদ পেয়েছেন দুই ভোট এবং তিনটি ভোট বাতিল হয়েছে। মুশাররফ চারটি প্রাদেশিক পরিষদের তিনটিতে পড়া ভোটের অধিকাংশও পেয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। চতুর্থ প্রাদেশিক পরিষদের ভোট গণনা চলছে। এর আগে স্থানীয় সময় সকাল ১০ টায় দুইকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বা জাতীয় পরিষদ এবং চারটি প্রাদেশিক পরিষদে ভোটগ্রহণ শুরু হয়। দেশটির সুপ্রিম কোর্ট শুক্রবার মুশাররফের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষে রায় দেওয়ার পর বিরোধীদের প্রবল বাধার মুখেও এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রতিবাদে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন বিরোধী জোটের ১৬০ জন অ্যাসেম্বলি সদস্যের পদত্যাগের মধ্য দিয়ে মুশাররফের জয়ের বিষয়টি আরও নিশ্চিত হয়। এদিকে, শেষ মুহূর্তে বেনজিরের সঙ্গে সমঝোতার মাধ্যমে পাকিস্তানের বৃহত্তম বিরোধীদল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সদস্যদের ওয়াক আউট ঠেকাতে সফল হন মুশাররফ। শুক্রবার বেনজিরের বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়ে বিশেষ অধ্যাদেশ জারি করায় ওই আপোষে রাজি হয় বেনজিরের দল। শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ নির্বাচনের ভোটগ্রহণ চলে দুপুর ৩টা পর্যন্ত। তবে আগামী ১৭ অক্টোবর মুশাররফের বিরুদ্ধে দায়ের করা রিটের শুনানি শেষ না হওয়া পর্যন্ত এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা যাবে না। এ নির্বাচনে অপর দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন পিপিপির সাবেক নেতা মাখদুম আমিন ফাহিম এবং মুশাররফ বিরোধী আইনজীবীদের মনোনীত প্রার্থী ওয়াজিহুদ্দিন আহমেদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এজে/এমএ/১৭৩০ঘ.