দুই পক্ষের উত্তেজনার মধ্যে গাজায় ফাতাহর সমাবেশ
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলের হাজার হাজার সমর্থক রোববার গাজায় সমাবেশ করেছে। হামাস সরকারের সঙ্গে আব্বাসের চলমান বিরোধ ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে ফাতাহ সমর্থকরা এই শক্তি প্রদর্শন করল।
গাজার প্রধান স্টেডিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়। ফাতাহ বলেছে, তাদের ফাতাহ আন্দোলনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক বছরের মধ্যে এই উপত্যকায় এটা ছিল ফাতাহর সবচেয়ে বড় সমাবেশ।
মাহমুদ আব্বাস অবশ্য সমাবেশে উপস্থিত ছিলেন না। তার পক্ষ থেকে তার ঘনিষ্ঠ সহযোগী তায়েব আবদেল-রহিম বক্তৃতায় বলেন, “আমরা গৃহযুদ্ধ চাই না, গৃহযুদ্ধকে আমরা প্রত্যাখ্যান করছি। কিন্তু কেউ আমাদের রক্ত ঝরাতে চাইলে পার পেয়ে যাবে না।”
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার হামাস এবং মাহমুদ আব্বাসের ফাতাহ দলের মধ্যে ক্ষমতা নিয়ে বেশ কিছুদিন থেকে তীব্র বিরোধ চলছে। কয়েকবার তা সহিংসতার দিকেও মোড় নেয়। অনেকেরই আশঙ্কা এই বিরোধ গৃহযুদ্ধে গড়াতে পারে। হামাসের সঙ্গে রাজনৈতিক অচলাস্থা নিরসনের লক্ষ্যে আব্বাস গত মাসে আগাম নির্বাচনের আহ্বান জানালে পরিস্থিতির আরো অবনতি ঘটে।
রোববারের এই সমাবেশের আগের দিন শনিবার আব্বাস গাজায় হামাসের নিরাপত্তা বাহিনী ‘এক্সিকিউটিভ ফোর্স কে অবৈধ ঘোষণা করেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই হামাস উল্টো তার এই বাহিনীর সদস্যসংখ্যা দ্বিগুন করে ১২হাজারে উন্নীত করবে বলে ঘোষণা দেয়।
সমাবেশে ফাতাহর সাবেক নিরাপত্তা প্রধান মোহাম্মদ দালাহান তার দেহরক্ষীদের সরে যেতে নির্দেশ দিয়ে বলেন, “দেখি হামাস আমাকে গুলি করুক।” এরপর তিনি বলেন, “ফাতাহর কারো ওপর হামলা হলে আমরা তার জবাব দেবো। তাদের নেতারা যদি ভাবেন তারা আমাদের নাগালের বাইরে তবে ভুল করবেন।”
তার এই বক্তব্যকে উসকানিমূলক অভিহিত করেছেন হামাসের ঊর্ধ্বতন এমপি মুশির আল মাসরি।
