শালিতের ভিডিওচিত্রের বিনিময়ে হামাসের বন্দিমুক্তি প্রস্তাবে ইসরায়েলের না
অপহৃত ইসরায়েলি সেনা গিলাদ শালিতের বেঁচে থাকার প্রমাণ হিসেবে একটি ভিডিওচিত্রের বিনিময়ে প্রায় ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে হামাস। প্রস্তাবটি প্রত্যাখ্যান করে ইসরায়েল বলেছে, শুধুমাত্র ভিডিওচিত্রের জন্য এতো চড়া মূল্য দিতে রাজি নন তারা। বন্দিমুক্তির বিনিময়ে ভিডিও নয় বরং আসল মানুষটিকেই ফেরত চায় ইসরায়েল। ইসরায়েলি মিডিয়া ও রাজনৈতিক সুত্র রবিবার একথা জানায়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট কিছুদিন আগে কর্পোরাল গিলাদ শালিতের বিনিময়ে ফিলিস্তিনি বন্দিমুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন।
সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে দৈনিক মারিভ জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী শুধুমাত্র ভিডিওর বিনিময়ে বন্দি মুক্তির হামাস প্রস্তাব নাকচ করে দিয়েছেন । ওলমার্টের মুখপাত্র মিরি আইসিন এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
ফিলিস্তিন-ইসরায়েল বন্দি বিনিময়ে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক। গত সপ্তাহে মিশরে ওলমার্টের সঙ্গে এক শীর্ষ বৈঠকের পর মোবারক বলেন, খুব শীগগিরই এ বিষয়ে একটি সমঝোতা হবে বলে আশাবাদী তিনি।
ইসরায়েলের কারাগারগুলোতে প্রায় ১১,০০০ ফিলিস্তিনি আটক রয়েছেন বলে মনে করা হয়।
