২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে বিচ্ছিন্নতাবাদীদের হাতে নিহত ৪৩

আসামের  বিচ্ছিন্নতাবাদীরা গুলি করে হত্যা করেছে ৪৩ ব্যক্তিকে ।  নিহতদের অধিকাংশই দিনমজুর ও সাধারন ব্যবসায়ী। আসামের তিনসুকিয়া, ডিব্র“গড় এবং শিবাসাগর জেলায় শুক্রবার রাতে একযোগে সংঘটিত এ হত্যাকান্ডের জন্য ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (উলফা) গেরিলাদের দায়ী করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 02:06 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

হত্যাকান্ডের দায়িত্ব স্বীকার করেনি উলফা।

তিনসুকিয়ার একটি দুর্গম গ্রামে ১২ ব্যক্তিকে গুলি করে হত্যা করে গেরিলারা। গৌহাটিতে এক উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা বলেন, এ ঘটনায় নিহতদের বেশীরভাগই ইটভাটার শ্রমিক এবং বাজারের দুধ বিক্রেতা।

কাছাকাছি সময়ে ডুমডুমা শহরের একটি বাজারে ভীড়ের মধ্যে গুলি করে হত্যা করা হয় ৮ জনকে । ওই জেলাতেই দুটি আলাদা ঘটনায় নিহত হন আরো ৯ জন।

ডিব্র“গড় জেলায় দুটি পৃথক ঘটনায় ১ নারীসহ আরো ১৩ দিনমজুরকে হত্যা করে গেরিলারা। এছাড়া শিবসাগরে একটি বিস্ফোরণের ঘটনায় নিহত হয় অপর এক ব্যক্তি।

ডিব্র“গড়ের পুলিশ কর্মকর্তা ভি কে রামিসেত্তি জানান, গেরিলাদের প্রতিটি দলে কমপক্ষে ১০ জন অস্ত্রধারী ছিল। দিনমজুররা রাতের খাবারের প্রস্তুতি নেওয়ার সময় এ হামলা চালানো হয়।

পুলিশ বলছে, একটি এনজিও পরিচালিত জনমত জরিপ নির্বাচন বানচাল করতেই এ হত্যাকান্ড ঘটিয়েছে উলফা। আসামের নয়টি জেলায় সম্প্রতি অনুষ্ঠিত ওই নির্বাচনে দেখা যায়, সেখানকার অধিকাংশ মানুষই উলফার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সমর্থন করেন না। হত্যাকান্ড চালানো জেলা তিনটিতে এখনো ওই নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

এ জনমত জরিপ নির্বাচনকে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে উলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া বলেছেন, উলফার সম্মতি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ ছাড়া কোন গণভোট বা জনমত জরিপ ফলপ্রসু হবে না।