২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরউইনের ‘মৃত্যুদৃশ্যের ভিডিওচিত্র’ স্ত্রীর কাছে হস্তান্তর

কুমিরপ্রেমী স্টিভ আরউইনের ‘মৃত্যুদৃশ্যের ভিডিওচিত্র’ তার স্ত্রী টেরি আরউইনের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মৃত্যুর দৃশ্যটি কখনোই জনসমক্ষে প্রকাশ করা হবে না এটা নিশ্চিত করতেই ওই ভিডিওচিত্র তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে বৃহষ্পতিবার জানিয়েছেন অস্ট্রেলিয়ার কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 03:45 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

গত বছর কুইন্সল্যান্ড উপকূলের সাগরতলে শুটিং করার সময় একটি স্টিংরে মাছের বিষাক্ত কাঁটার আঘাতে মারা যান আরউইন। সেসময় শুটিং চলতে থাকায় লেজের ঝাপটায় স্টিভের বুকে কাঁটা বিঁধে যাওয়া এবং সংজ্ঞা হারানোর আগে সেটা খোলার জন্য তার শেষ চেষ্টাসহ তাকে উদ্ধার করার পুরো দৃশ্যটিরই ভিডিও ফুটেজ ছিল তাদের ইউনিটের কাছে।

কুইন্সল্যান্ড প্রদেশের কর্মকর্তা মিশেল বার্নস বলেছেন, বড়দিনের ঠিক আগে আগেই টেরি আরউইনের কাছে ‘ভিডিওচিত্রটি’ হস্তান্তর করেছে পুলিশ। শুটিং ইউনিটের কাছে থাকা ওই ভিডিওর সব কপি নষ্ট করে ফেলা হয়েছে বলেও জানান বার্নস।

বার্নসের উদ্ধৃতি দিয়ে অস্ট্রেলিয়ার পত্র পত্রিকা জানিয়েছে, ১০ লাখ ডলার মূল্যে স্টিভের মৃত্যুদৃশ্যের ভিডিওচিত্র কিনে নিতে চেয়েছিল একটি পে-ওয়েব সাইট । পুলিশ বার্নসকে একথা জানায় বলেও উল্লেখ করেছে তারা।