মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েছেন ডেমোক্রেটরা
প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের রিপাবলিকান দলের কাছ থেকে বৃহষ্পতিবার মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েছেন ডেমোক্রেট দলের কংগ্রেসম্যানরা। গত বছরের মধ্যবর্তী নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে কংগ্রেসে ডেমোক্রেটদের ক্ষমতা গ্রহণের ফলে মার্কিন বিদেশনীতিতে ব্যাপক পরিবর্তনের আশা করা হচ্ছে।
ডেমোক্রেটদের আসীন হওয়ার মধ্য দিয়ে বৃহষ্পতিবার ১১০তম মার্কিন কংগ্রেসের যাত্রা শুরু হল। এ কংগ্রেসের মাধ্যমে ইরাক থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করে নেওয়া এবং বুশের যুদ্ধনীতির উল্লেখযোগ্য পরিবর্তন আশা করা হচ্ছে। মানব ভ্রুণের স্টেম-সেল গবেষণার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং আমেরিকায় ধনী-গরিবের ব্যবধান কমিয়ে আনতে পদক্ষেপ নিতে অঙ্গীকারবদ্ধ ডেমোক্রেটরা।
কিন্তু প্রেসিডেন্ট বুশের বাকি মেয়াদকালে দুই দলের একত্রে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্র“তি সত্ত্বেও এসব ইস্যুতে রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্রেটদের ব্যাপক দ্বন্দ্বের আশঙ্কা করা হচ্ছে।
অবশ্য ডেমোক্রেটদের সঙ্গে সম্পর্ক সহজ করার ইচ্ছায় প্রেসিডেন্ট বুশ বুধবার বলেছেন, “এখন রাজনীতি দূরে সরিয়ে রেখে ভবিষ্যতের দিকে নজর দেওয়ার সময়।” এ কংগ্রেসে ব্যয় কমানো, ভারসাম্যপূর্ণ বাজেট এবং ইরাক ইস্যুতে একটি ঐকমত্যে পৌঁছানোর কথাও বলেন তিনি।
ডেমোক্রেট নিয়ন্ত্রণাধীন কংগ্রেস থেকে এবারই প্রথম ২১৮ বছরের পুরনো হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন একজন নারী । ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট প্রতিনিধি ন্যান্সি পেলোসি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্পিকার।
পেলোসি বলেছেন স্পিকার হিসেবে নিয়োগ পেলে গত দুবছর ধরে লবিস্টদের কাছ থেকে ঘুষ নেওয়া ও প্রভাব খাটানোর অসংখ্য রটনায় জর্জরিত কংগ্রেসকে ঠিকঠাক করার কাজে নামবেন তিনি। আইনপ্রণেতাদের সঙ্গে লবিস্টদের ঘনিষ্ট সম্পর্ক নিষিদ্ধ করতে একটি আইন পাসের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
