ফিলিপাইনে টাইফুনে নিহত ১৬
প্রলয়ংকরী টাইফুনে ফিলিপাইনে ১৬ জন নিহত হয়েছে। রাজধানী ম্যানিলার আগে টাইফুন জাংশেন লুজোন দ্বীপে আঘাত হানে। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১৩০ কিলোমিটার।
এতে শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়। রাস্তা - ঘাট প্লাবিত হওয়ায় লোকজনের চলাচলও ব্যাহত হয়। বৃহস্পতিবার অনেকটা সময়জুড়ে পুরো দ্বীপে বিদ্যুৎ ছিল না। যদিও পরে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হয়।
টাইফুন পরে ম্যানিলায় আঘাত হানায় শুক্রবার শহরের সব স্কুল-কলেজ বন্ধ ছিল। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পাশাপাশি রাস্তা-ঘাট ময়লা -- আবর্জনায় ভরে যাওয়ায় কর্তৃপক্ষকে স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়।
টাইফুনটি এখন ভিয়েতনামের অবকাশ কেন্দ্র দানাংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। শনিবার বিকেলের দিকে সেখানে আঘাত হানতে পারে বলে আশংকা করা হচ্ছে।
ম্যানিলার মেয়র লিটো আতিয়েন্জা স্থানীয় বেতারে বলেছেন, ঝড়ে এতো ক্ষয়ক্ষতি এর আগে খুব একটা হয়নি।
টাইফুনে জেনারেল ট্রিয়াস শহরেও বহু লোক নিখোঁজ হয়েছে বলে স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান। সেখানে একটি বাঁধও ধসে পড়েছে।
টাইফুন, ভূমিধস, বন্যা ও প্রচন্ড বাতাসে কৃষি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত হন প্রায় ৬০ হাজারেরও বেশি মানুষ।
