২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেনের মৃত্যুর কোনো প্রমাণ নেই: সৌদি আরব

সৌদি আরব রবিবার জানিয়েছে, আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যুর কোন প্রমাণ তাদের হাতে নেই।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 02:27 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

ফরাসী গোয়েন্দা বিভাগের গোপন নথির তথ্য নিয়েও সন্দেহ প্রকাশ করে দেশটি।

গোপন ওই নথিতে সৌদি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলা হয়, টাইফয়ডে আক্রান্ত হয়ে গত মাসে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন মারা গেছেন।

ফ্রান্সের একটি আঞ্চলিক পত্রিকায় সে দেশের গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ফরাসী গোয়েন্দা সংস্থা ডিজিএসই-এর শীর্ষ কর্মকর্তাদের কাছে প্রেসিডেন্ট জ্যাক শিরাক লাদেনের মৃত্যু সংক্রান্ত একটি গোপন নথি পাঠিয়েছেন। পত্রিকাটি লাদেনের মৃত্যু সংক্রান্ত ওই গোপন নথিটির একটি কপি হুবহু ছেপে দেয়।

এদিকে লাদেনের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনে সৌদি দূতাবাস ইতোমধ্যে এক বিবৃতিতে জানিয়েছে, ওসামা বিন লাদেনের মৃত্যুর কোনো প্রমাণ সৌদি আরবের কাছে নেই। লাদেনের মৃত্যু নিয়ে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা পুরোটাই অনুমানভিত্তিক এবং এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব নয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক সাংবাদিকদের জানিয়েছেন, যতক্ষণ না বিন লাদেনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তার মৃত্যু সম্পর্কে কোনো মন্তব্য করতে চাইনা।

ডিজিএসই-এর গোপন নথিটি ফাঁস হয়ে যাওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন। বিষয়টি শিগগিরই তদন্ত  করে দেখা  হবে বলে তিনি জানান।