২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ার শিশুরা ভিটামিন-ডি স্বল্পতায় ভুগছে

চিকিৎসা বিজ্ঞানীদের মতে এশিয়ায় দু’বছরের কম বয়সী সব শিশুকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া প্রয়োজন। কারণ, তারা ভিটামিন-ডি এর মারাত্মক স্বল্পতায় ভুগছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2006, 01:54 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

‘দি আর্কাইভস অব ডিজিজেস ইন চাইল্ডহুড’ এ প্রকাশিত গবেষণা প্রতিবেদন থেকে সম্প্রতি এ তথ্য পাওয়া গেছে।

ভিটামিন-ডি স্বল্পতার ওপর ‘বার্নলে হেল্থ কেয়ার ট্রাস্ট’ এর সংক্ষিপ্ত এক গবেষণায় দেখা গেছে, এশিয়ার শিশুরা এই ভিটামিন স্বল্পতার ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে।

বিশেষজ্ঞদের দলটি জানিয়েছে, শিশুদের জন্য ভিটামিন-ডি সাপ্লিমেন্ট সরবরাহ করা সহজ হলেও এর অভাবে রিকেট রোগে আক্রান্ত হলে তার চিকিৎসা মোটেও সহজ নয়।

ভিটামিন-ডি এর প্রধান উৎস সূর্য কিরণ। এছাড়া, বিভিন্ন ধরনের খাদ্যে এ ভিটামিন পাওয়া যায়।

ভিটামিন-ডি হাড়ের প্রধান উপাদান ক্যালসিয়াম প্রস্তুত করে যা হাড় বা অস্থিকে মজবুত এবং সুগঠিত করে।

তবে ভিটামিন-ডি এর ঘাটতির কারণে রিকেট, দুর্বল দাঁত, শরীরের কম বৃদ্ধি এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মতো নানাবিধ সমস্যা দেখা দেয়।

বার্নলে জেনারেল হাসপাতালের চিকিৎসা বিজ্ঞানীরা ভিটামিন-ডি স্বল্পতার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে উপরোক্ত সিদ্ধান্তে পৌঁছেন। এসব শিশু যুক্তরাজ্যের বার্নলে হেলথ কেয়ার ট্রাস্টে ১৯৯৪ থেকে ২০০৫ সালের মধ্যে ভর্তি হয়েছিল।

চিকিৎসা বিজ্ঞানীরা দেখেন যে, এখানে চিকিৎসা নিয়েছে এমন ১৪ জন শিশুর মধ্যে ১৩ জনই এশিয়ার।

ওই গবেষণা দলটির প্রধান শিশু বিশেষজ্ঞ ড. ক্রিস্টোস জিপিতিস বলেন, এশিয়ার প্রতি ১১৭ জন শিশুর মধ্যে একজন এবং অন্যদিকে অন্যান্য মহাদেশে ৯২৩ জন শিশুর মধ্যে একজনকে পাওয়া যাবে যে ভিটামিন-ডি স্বল্পতায় ভুগছে।