বিস্ফোরক দ্রব্য দিয়ে বিমান উড়িয়ে দেওয়ার পরিকল্পনা বানচাল করলো স্কটল্যান্ড ইয়ার্ড
বৃটিশ গোয়েন্দাসংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড যুক্তরাজ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্রগামী কয়েকটি বিমান ভারী বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার সন্ত্রাসী পরিকল্পনা বানচাল করে দিয়েছে।
যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রগামী বিমানের কয়েকটি ফ্লাইটে হাত ব্যাগে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণের মাধ্যমে বিমানগুলো উড়িয়ে দেওয়ার পরিকল্পনা সন্ত্রাসীদের ছিল বলে অনুমান করা হচ্ছে।
রাতে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে রাজধানী লন্ডন থেকে বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে তারা কয়েকমাস ধরে বিস্ফোরক দ্রব্য দিয়ে বিমান উড়িয়ে দেওয়ার এই পরিকল্পনা করছিল।
যুক্তরাজ্যের সকল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করাসহ বিমানের ফ্লাইটগুলো সময়সূচি পরিবর্তন করা হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
এছাড়া, হাত ব্যাগ বহন করার অনুমতি দেওয়া হচ্ছেনা কোনো যাত্রীকে । যাত্রীদের পাসপোর্ট এবং মানিব্যাগ বাইরে থেকে দেখা যায় এমন প্লাস্টিকের থলিতে করে বহন করতে হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
