জাপানে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসে রাইসফিশ
জাপান আসন্ন সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পেতে বহুদিন থেকে জীব জগতের আচরণ নিয়ে গবেষণা চালিয়ে আসছে।
সম্প্রতি জাপান রাইস ফিশ নামের আকারে দুই ইঞ্চির বেশী হবে না এমন একধরনের মাছের ওপর গবেষণা চালিয়ে দেখেছে ঘোলা এবং দূষিত পানিতে এরা তীব্র প্রতিক্রিয়া দেখায়।
হালকা কমলা রঙের ছোট এই রাইস ফিশগুলো ঘোলা এবং নোংরা পানিতে ছাড়লে পানির উপরিভাগে উঠে এসে মুখ বের করে শ্বাস নেয় এবং অনেক সময় শ্বাস নিতে না পেরে মারা যায়।
জাপানের গবেষকরা রাইস ফিশের ওপর গবেষণা চালিয়ে দেখেছেন পানি দূষিত কি না বের করতে একটি অত্যাধুনিক এবং দামী ফিল্টারের যেখানে অন্তত ১৫ ঘন্টা সময় লাগে সেখানে রাইস ফিশ ঘন্টাদুয়েকের মধ্যে দূষিত পানিতে প্রতিক্রিয়া দেখিয়ে পানির গুণগত মান প্রকাশ করে দেয়।
দুটো কৃত্রিম জলাধারে রাইসফিশগুলোকে রেখে এই পরীক্ষামূলক গবেষণা চালানো হয়। তবে শীঘ্রই টোকিও-র দক্ষিণে সিজোকাতে কেন্দ্রীয় পানি সরবরাহ ব্যবস্থা দূষণমুক্ত কিনা তা পরীক্ষায় রাইসফিশ ব্যবহার করা হবে।
রাইসফিশের পাশাপাশি ক্যাটফিশের ওপর গবেষণা চালানো হচ্ছে। কারন ক্যাট ফিশ ভূমিকম্পের আগে তড়পায় বলে জানিয়েছে গবেষকরা।
