ইতালীর ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারীর আপীলের কাজ শুরু হয়েছে
ইতালীর ম্যাচ ফিক্সিং এর আপীলের কাজ শনিবার শুরু হয়েছে। শীর্ষ সিরি এ বিভাগ এর চারটি ক্লাব আশা করছে গত সপ্তাহে ক্রীড়া ট্রাইবুনাল তাদেরকে দোষী সাব্যস্ত করে যে সাজা দিয়েছিল তা তারা পরিবর্তন করতে পারবে।
জুভেন্টাস, এসি মিলান, ফিওরেনটিনা এবং লেজিও ২০০৪/০৫ মৌসুমে রেফারী এবং লাইনম্যানের সাথে কারচুপি করায় দোষী সাব্যস্ত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
জুভেন্টাসের গত দুইটি খেতাব কেড়ে নেওয়া হয়েছে এবং পরবর্তী মৌসুমে ইতালীতে দ্বিতীয় বিভাগ সিরি বি খেলায় ৩০ পয়েন্ট কম নিয়ে খেলার আদেশ দেয়া হয়েছে।
ফিওরেনটিনা এবং লেজিওকে পেনাল্টি থেকে বাদ দেয়া ও সিরি বি -তে নামিয়ে দেওয়া হয়েছে।
মিলান কোনভাবে পদাবনতি এড়িয়েছে তবে তাকে পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন লীগ থেকে বাদ দেয়া হয়েছে এবং পরবর্তী সিরি এ লীগে তাদের ১৫ পয়েন্ট কম নিয়ে খেলার আদেশ দেয়া হয়েছে। চারটি ক্লাবই তাদের দোষ অস্বীকার করেছে।
পাঁচ সদস্য বিশিষ্ট একটি বিচারক দল শনিবার গ্রীনিচ সময় ৭ টায় রোমের একটি বিলাসবহুল হোটেল পারকো দাই প্রিন্সিপিতে বিচার কাজ শুরু করবেন।
আপীল আদালতের প্রধান পাইরো সেনডুলি বলেন, কখন রায় দেয়া হবে সে বিষয়ে তিনি কিছু জানেন না।
তবে ইতালীর গণমাধ্যম অনুমান করছে, পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন লীগ এবং ইউইএফএ কাপ কম্পিটিশন খেলার জন্য ইতালীর ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) নামের তালিকা দাখিল করার জন্য ইউইএফএ ২৫ জুলাই সময়সীমা বেঁধে দিয়েছে তার আগেই এ রায় ঘোষণা করা হবে।
এফআইজিসি কমিশনার গুইডো রোসি জানান, ২৫ জুলাইয়ের আগে যদি আপীলের রায় না হয় তবে ইতালী ইউইএফএ’র কাছে নামের যে তালিকা পাঠাবে তাতে ক্রীড়া ট্রাবুনালের রায়ের প্রতিফলন থাকবে।
ফলে জুভেন্টাস, মিলান এবং ফিওরেনটিনা চ্যাম্পিয়ন লীগে তাদের পদ হারাবে এবং তাদের জায়গায় এএস রোমা, চেইভো ভোরোনা এবং পেলার্মো নিযুক্ত হবে।
