২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে জরুরি অবস্থা ঘোষণা

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান বার্নারডিনো রাজ্যে বনভূমিতে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনতে এলাকাটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ক্যালিফোর্নিয়ার গর্ভনর আর্নল্ড শোয়ার্জনেগার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2006, 01:26 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

ক্যালিফোর্নিয়ার রুক্ষ মরু অঞ্চলে গত সপ্তাহের শেষে বজ্রপাতের পর এই দাবানলের সূচনা হয়। পরবর্তীতে তা ৪০ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়ে।

বর্তমানে এই দাবানল লস এঞ্জেলেসের ২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত সান বার্নারডিনো রাজ্যের ১,২০০ একর এলাকা জুড়ে অবস্থিত ‘সান বার্নারডিনো ন্যাশনাল ফরেস্টে’ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা দেখা দিলে গর্ভনর আর্নল্ড শোয়ার্জনেগার এলাকাটিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা ঘোষণা করেন।

দমকল বাহিনীর প্রায় ১,৩৫০ জন কর্মী এই ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দাবানলে ইতোমধ্যে ১০০ বাড়ী ঘর পুড়ে গেছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

এই ভয়াবহ দাবানল নেভাতে হিমশিম খেতে হচ্ছে দমকল বাহিনীকে।

দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে দু’জন সাধারণ নাগরিকসহ নয়জন দমকল কর্মী আহত হয়েছে।

দাবানল নেভাতে নয়টি এয়ার ট্যাংকার, ১২টি হেলিকপ্টার এবং ১০০টি ফায়ার ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে দাবানলের কারণে এ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।

এছাড়া,হলিউডের বিখ্যাত ফিল্ম লোকেশন পাইওনিয়ারটাউন থেকে দাবানলের কারণে লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।