কাবুল সফরে মার্কিন প্রতিরক্ষা সচিব ডোনাল্ড রামসফেল্ড
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব ডোনাল্ড রামসফেল্ড এক আকস্মিক সফরে আফগানিস্তানের রাজধানী কাবুলে এসে পৌঁছেছেন।
আফগানিস্তানে ন্যাটোর ক্রমবর্ধমান ভূমিকা এবং বিভিন্ন ইস্যুতে তাদের কার্যক্রমকে আরো দৃঢ় ও কৌশলগতভাবে অধিক শক্তিশালী করতে রামসফেল্ড এই সফরে এসেছেন বলে জানান।
সফরকালে রামসফেল্ড আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই-এর সাথে সাক্ষাৎ করবেন। এ সাক্ষাৎকারে তিনি হামিদ কারজাই-এর সাথে দক্ষিণ আফগানিস্তানের চলমান সহিংসতা নিরসনে আলোচনা করবেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
দক্ষিণ আফগানিস্তানে কয়েক সপ্তাহ ধরে অব্যাহত লড়াই এবং সংঘর্ষে কয়েকশ লোক নিহত হয়েছে।
এদিকে, মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে যৌথ বাহিনী এবং আফগান বাহিনীর সাথে তালেবান গেরিলাদের এক ভয়াবহ সংঘর্ষে মঙ্গলবার ৩০ জন তালেবান গেরিলা নিহত হয়েছে বলে জানিয়েছে।
যুক্তরাজ্য আফগানিস্তানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ৯০০ সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট হামিদ কারজাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার দেশের প্রাদেশিক সরকার ব্যবস্থার পুনসংস্কার, পুলিশ এবং সেনাবাহিনীকে শক্তিশালী করাসহ অন্যান্য সাহায্য-সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন।
তবে এসব কিছুর আগে তিনি আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনায় যৌথবাহিনীর অনুসৃত পদ্ধতি কতোটা গ্রহণযোগ্য তা পুনমুল্যায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
