২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল

গাজার উত্তরাঞ্চলীয় সীমান্তে সোমবার ভোরে আবারও গোলাবর্ষণ করেছে ইসরাইল। ফিলিস্তিনে আটক ইসরাইলী সৈন্য জিলাদ শ্যালিটকে মুক্ত করার জন্য প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের নির্দেশে ইসরাইলী সৈন্যরা এ হামলা চালায় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 10:39 AM

Updated : 26 Apr 2022, 03:46 PM

আল আকসা মার্টায়ারস ব্রিগেডের অফিস সহ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে তারা এ হামলা চালায়। তবে দ্বিতল ভবনের এ অফিসকে লক্ষ্য করে হামলা চালালেও এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

গাজার উত্তরাঞ্চলে সোমবার গোলাবর্ষন করায় বেইত হানুন শহরের এক ব্যক্তির আহত হবার খবর পাওয়া গেছে। এদিকে ফিলিস্তিনের নিরাপত্তা কর্মীরা জানিয়েছে ইসরাইলী নৌবাহিনী হামাস ক্যাম্পকে লক্ষ্য করে এ হামলা চালালেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।

শ্যালিটকে মুক্ত করার জন্য ফিলিস্তিনিদের উপর চাপ প্রয়োগের লক্ষ্যে বুধবার ইসরাইলী বিমান, যুদ্ধজাহাজ গাজা উপত্যকার দক্ষিণে অবস্থান নেওয়ার পর থেকেই হামলা চালিয়ে আসছে। গাজায় অব্যাহত এ হামলায় রবিবার চারজন সহ এখন পর্যন্ত মোট পাঁচজন ফিলিস্তিনী নিহত হয়েছে।

এদিকে কন্ডোলিৎসা রাইস ওলমার্টকে এ বিষয়ে আলোচনায় বসার জন্য আহ্বান জানালেও ওলমার্টের অফিস থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে শ্যালিটকে মুক্ত করার সকল চেষ্টা তারা চালিয়ে যাবেন।

তবে হামাস জানিয়েছে যে ইসরাইল যদি এ হামলা অব্যাহত রাখে তাহলে তারাও পাল্টা হামলা চালাবে।

এদিকে রবিবার খান ইউনুস শহরে ইসরাইলীরা হামলা চালানোয় ফিলিস্তিনী তিন ব্যক্তি নিহত হয়েছে।