দক্ষিণ চীনে ঝড় ও বন্যায় নিহত ৫৫, নিখোঁজ ১২
দক্ষিণ চীনের কয়েকটি প্রদেশে গত কয়েকদিনের প্রচন্ড ঝড় এবং বিরামহীন বৃষ্টিপাতে ৫৫জন নিহত এবং ১২ জন নিখোঁজ রয়েছে।
চীনের দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান, গুয়াংডং, গুয়িঝাউ, হুনান,জিয়াংঝি, জিজিয়াং এবং চংকিং প্রদেশে গত সপ্তাহ থেকে অবিরাম বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা এবং ভূমিধস দেখা দিয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশ। এই প্রদেশে বন্যায় ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
একটানা প্রবল বৃষ্টিপাতের ফলে ফুজিয়ান প্রদেশে মিনজিয়াং নদীর পানি বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতির চরম অবনতি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ফুজিয়ান প্রদেশের আবহাওয়া দপ্তর।
নাগরিক বিষয়ক মন্ত্রণালয়-এর দুর্যোগ ও ত্রাণ বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা লি বাওজুন প্রচন্ড বর্ষণ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার দরুন প্রায় ৪ লাখ লোক তাদের ঘরবাড়ী ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন।
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার দরুন এসব অঞ্চলে ট্রেন এবং বিমান চলাচলও বন্ধ রয়েছে।
