ইন্ডিয়ানাপোলিসে একই পরিবারের সাতজনকে হত্যা করেছে ডাকাতরা
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের মধ্যবর্তী শহর ইন্ডিয়ানাপোলিসের একটি বাড়িতে ডাকাতরা একটি পরিবারের তিন শিশুসহ সাতজনকে গুলি করে হত্যা করেছে।
দোতলা এই বাড়িটির শোবার ঘরে ৫ থেকে ১১ বছর বয়সী ৩টি শিশুর মৃতদেহ এবং বাড়ির অন্যান্য জায়গায় বাকি চারজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
একই পরিবারের তিন প্রজন্মের এই মানুষগুলোকে রাইফেল অথবা অন্য অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।
ইন্ডিয়ানাপোলিস-এর পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, শহরের এক দশকের ইতিহাসে এটাই সবচেয়ে ভয়ংকর হত্যাকান্ড। এই হত্যাকান্ডের সাথে দুইজন জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতদের একজনকে অপর এক মহিলা তার বাড়িতে নামিয়ে দেবার পর চিৎকার ও গুলির শব্দ শুনতে পান এবং এলার্ম বাজিয়ে পুলিশকে খবর দেন।
শহরের পুলিশ প্রধান মাইক স্পেয়ার জানিয়েছেন, এই হত্যাকান্ড পুলিশ বিভাগ এবং এই শহরের জন্য খুবই দুঃখজনক।
