ইন্দোনেশিয়ার সাবেক নেতা সুহার্তো এক মাস পর বাড়ি ফিরলেন
ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তো বুধবার সকালে হাসপাতাল থেকে অব্যাহতি পেয়েছেন।
পাকস্থলির সমস্যাজনিত কারণে তিনি প্রায় একমাস যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এসময় তার শরীরে তিনবার অস্ত্রোপচার করা হয়।
স্ট্র্রেচারে শয্যাশায়ী ৮৪ বছর বয়সী সুহার্তো অ্যাম্বুলেন্সে করে সকাল ৯টার দিকে পারতামিনা হাসপাতাল ত্যাগ করেন। এসময় তাঁর দুই কন্যা সাথে ছিল। হাসপাতাল থেকে তিনি সরাসরি নিজ বাসভবনে ফিরে আসেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
সুহার্তোর মেডিক্যাল টিমের চিকিৎসক জোকো রাহার্জো জানান, সুহার্তো এখন মোটামুটি শঙ্কামুক্ত।
পারতামিনা হাসপাতালের পরিচালক আদজি সুপ্রাজিতনো জানান, সুহার্তোর চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পরামর্শ দিলেও সুহর্তোকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।
তিনি আরও জানান, সুহার্তোর শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে।
