পূর্ব তিমুরে সহিংসতা বন্ধে প্রথমবারের মতো প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর বৈঠক
পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জানানা গুসমাও এবং প্রধানমন্ত্রী মারি আলকাতিরি সেদেশে চলমান সহিংসতা বন্ধে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুর্বাবস্থায় ফিরিয়ে আনার লক্ষে এক বৈঠকে মিলিত হচ্ছেন।
এই প্রথম ভিন্নমত পোষণকারী তিমুরের শীর্ষ দুই নেতা আলোচনায় বসছেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
এদিকে বিক্ষোভকারীরা দিলিতে প্রেসিডেন্টের বাসভবনের সামনে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেছে।
দিলিতে প্রায় ১০০ লোক বিশ্ব খাদ্য কর্মসূচির একটি গুদামঘরে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং লুটপাট চালিয়েছে।
অস্ট্রেলিয়ার দাতা সংস্থা ওর্য়াল্ড ভিশন জানিয়েছে, এই ধরনের সহিংসতা এবং লুটপাট তাদের কর্মকান্ডকে বাধাগ্রস্ত করছে। ওয়ার্ল্ড ভিশন পূর্ব তিমুরের ২৫ হাজার অভ্যন্তরীণ শরনার্থীকে খাদ্য এবং পানি সরবরাহ করে আসছে।
উল্লেখ্য, প্রায় ৬০০ সৈন্যকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হলে পূর্ব তিমুরে এই সহিংস আন্দোলনের সূচনা ঘটে। গত সপ্তাহে বিদ্রোহী সৈন্যদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষের পর এই সহিংসতা জাতিগত সহিংসতায় রূপ নেয়।
পররাষ্ট্রমন্ত্রী জোসে রামোস হোর্তা সেনাবাহিনীর ভেতরের বৈষম্যগত অসন্তোষ দূর করতে সরকারের ব্যর্থতা স্বীকার করে বলেন বৈষম্যগত এই অসন্তোষের জের হিসেবে পূর্ব তিমুরে গৃহযুদ্ধের সূচনা হতে পারে।
