২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে শেষ হল পঞ্চম ডি-৮ সম্মেলন

বিশ্বের আটটি উন্নয়নশীল মুসলিম দেশের সংগঠন ডি - ৮ এর পঞ্চম সম্মেলন শনিবার ইন্দোনেশিয়ার বালি দ্বীপে শেষ হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 07:41 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

ডি - ৮ গ্রুপের আওতায় সংঘবদ্ধ হয়েছে ইরান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া ও মিশর - বিশ্বের এ আটটি মুসলিম প্রধান দেশের প্রায় ৯০ কোটি মানুষ।

সম্মেলনে ইরানের প্রতিনিধিত্ব করেন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। ডি ৮ এর সভাপতিত্বে ছিল ইরান। এ সম্মেলনের মাধ্যমে সভাপতিত্বের পালাক্রমিক দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ার কাছে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধনু, নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওলুসেগান ওবাস্যানজো, তুরস্কের প্রধানমন্ত্রী তাইপ রেসিপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাবি, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং মিশরের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী।

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা প্রসার এবং আন্তর্জাতিক সিদ্ধান্তের ক্ষেত্রে যৌথ সহযোগিতার উন্নয়ন ও সদস্য দেশগুলোর আরো অধিক কল্যাণমূলক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে ১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের ইস্তাম্বুলে ডি - ৮ গঠন করা হয়।