জাতিসংঘের নতুন মানবাধিকার কাউন্সিল গঠিত
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নির্বাচনে ‘অহরহ মানবাধিকার লঙ্ঘনকারী’ কয়েকটি দেশ জয়লাভ করেছে।
এই দেশগুলো হচ্ছে চীন, কিউবা, পাকিস্তান, রাশিয়া এবং সৌদি আরব। জাতিসংঘের সাধারণ সভার সদস্যদের ভোটাভুটিতে মোট ৬৭টি দেশ অংশগ্রহণ করে। এরমধ্যে ৪৪টি দেশকে নির্বাচিত করা হয়েছে। পূর্ব ইউরোপ থেকে ১১ই মে আরও তিনটি দেশকে মনোনীত করা হবে ।
নতুন এই নির্বাচিত মানবাধিকার কমিটি ‘হিউম্যান রাইটস কমিশন-এর স্থলাভিষিক্ত হবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ ইতোপূর্বে জাতিসংঘের কাছে চীন, কিউবা, পাকিস্তান, রাশিয়া এবং সৌদি আরবকে নতুন মানবাধিকার কমিটিতে না নেয়ার জন্য আহবান জানিয়েছিল।
‘হিউম্যান রাইটস ওয়াচ’ ভেনিজুয়েলা ও ইরানকেও নতুন কমিটির অযোগ্য বিবেচনা করেছিল এবং নির্বাচনে এই দেশ দুটি পরাজিত হয়েছে। অন্যদিকে আজারবাইজানও নির্বাচনের শেষ পর্বে পরাজিত হয়।
‘হিউম্যান রাইটস কমিশন’-এর ইতিপূর্বের কমিটিতে সুদান ও জিম্বাবুয়ের মতো মানবাধিকার লঙ্ঘনকারী দেশ ছিল বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
এবারের নির্বাচিত প্রত্যেকটি সদস্য রাষ্ট্র নিজ নিজ দেশসহ বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করে যাবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। তবে পূর্বের কমিটির তুলনায় নতুন কমিটি কতখানি যোগ্য তা নির্ভর করছে নতুন এই কমিটির ভবিষ্যৎ কর্মকা-ের উপর।
নির্বাচকম-লী আশা প্রকাশ করে বলেছে, নবনির্বাচিত এই কমিটি সকল রাজনীতির বাইরে থেকে মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে।
মানবাধিকার লঙ্ঘনের দিক থেকে এগিয়ে থাকা দেশ যেমন--সুদান, জিম্বাবুয়ে, সিরিয়া, নেপাল, ইরিত্রিয়া এবং ইথিওপিয়া এবারের নির্বাচনে অংশ নেয়নি।
নতুন এই মানবাধিকার কাউন্সিলের নির্বাচনকে জাতিসংঘের সার্বিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবেও বিবেচনা করা হচ্ছে। জেনেভাকেন্দ্রিক নতুন এই মানবাধিকার কাউন্সিল আগামি ১৯ জুন তাদের প্রথম বৈঠকের মধ্য দিয়ে কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে।
