শান্ত থাকার জন্য হামাসের আহবান প্রত্যাখ্যান করেছে বন্দুকধারীরা
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলের সশস্ত্র যোদ্ধারা গাজা শহরে অস্ত্রসহ মহড়া দিয়েছে। শান্ত থাকার জন্য হামাসের আহবান ও শক্তি প্রদর্শনের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে তারা এই মহড়া বের করে।
শুক্রবারে এক সহিংসতায় তিনজন নিহত হলে হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন সরকার জঙ্গি দলগুলোকে গাজার বিভিন্ন সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়।
প্রায় ৩০০ জন ফাতাহ বন্দুকধারী ফাঁকা গুলি ছুঁড়ে ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার কাছে সংঘর্ষের হোতা হিসেবে চিহ্নিত একটি বিদ্রোহী দলের নেতাকে গ্রেপ্তারের দাবি জানায়।
শুক্রবার একটি গাড়ি বোমা বিস্ফোরণে পপুলার রেজিসট্যান্স কমিটির (পিআরসি)’র কমান্ডার খলিল আল-কিউকা’র মৃত্যুর পর এই সহিংসতা ছড়িয়ে পড়ে।
পপুলার রেজিসট্যান্স কমিটি দাবি করেছে যে, ইসরাইলের সাথে যোগসাজস করে মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
কিন্তু স্থানীয় ফাতাহ নেতা সামীর আল-মুশরাওয়ি বলেন, এই ধরনের অভিযোগের কোন ভিত্তি নেই।
হানিয়া শনিবার তাঁর এক বক্তব্যে শান্তি প্রতিষ্ঠার উপর জোর দিয়ে সশস্ত্র উপদলকে সহিংসতা বন্ধের আহবান জানান।
অন্যদিকে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী জানায়, তারা শুক্রবারের ওই সহিংসতার কারণ তদন্ত করে দেখছে। ওই সহিংসতায় তিনজন নিহত এবং ২০ জন আহত হয়।
