২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের মামলায় সাবেক ফিলিপিনো প্রেসিডেন্ট এস্ত্রাদা আদালতে হাজির হলেন

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট জোসেপ এস্ত্রাদা তার বিরুদ্ধে আনীত (৫ বছরের পুরোনো) অর্থ আত্মসাতের মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থন করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 10:14 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

২০০১ সালে ক্ষমতা থেকে বিতারিত হওয়ার পর জোসেপ এস্ত্রাদার বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন অবৈধ উপায়ে ৮০ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে মামলা করা হয়।

দেশের বিখ্যাত অভিনেতা থেকে দেশের প্রেসিডেন্ট হবার পর জোসেপ এস্ত্রাদা তার ক্ষমতাকালে তামাকের উপর কর ও অবৈধ জুয়া থেকে এই ৮০ মিলিয়ন ডলার অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

আদালতে আত্মপক্ষ সমর্থন করে এস্ত্রাদা বলেন, তিনি নির্দোষ এবং তার সম্মান ও স্বাধীনতা রক্ষার্থে  তিনি এই মিথ্যা মামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।

এস্ত্রাদার আইনজীবী বলেছেন, এস্ত্রাদার বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বিচার চলাকালীন সময়ে এস্ত্রাদার সমর্থনে আদালত প্রাঙ্গনে ২০০ জন ফিলিপিনো সমবেত হয়। পুলিশ জানায়, দুর্নীতি দমন আদালতে এস্ত্রাদার নিরাপত্তা বিধানে ও প্রতিবাদ-বিক্ষোভ ঠেকাতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া প্রয়োজন।

৬৮ বছর বয়স্ক এস্ত্রাদাকে ২০০১ সালে জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে ফিলিপিনো জনগণ। সামরিক কর্মকর্তা, ক্যাথলিক বিশপ ও ক্ষমতাবান অনেক পরিবার এই বিপ্লবে সাহায্য করায় বর্তমান প্রেসিডেন্ট অরোয়ার ক্ষমতায় আসার পথ সুগম হয়।