এয়ারবাসের বিক্রি এ বছর অর্ধেকে নেমে আসবে
এয়ারবাস কোম্পানীর উড়োজাহাজ বিক্রির পরিমাণ এ বছর অর্ধেকে নেমে আসবে। এয়ারবাসের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, তাদের উড়োজাহাজ বিক্রি এ বছর মাত্র ৮০০ হবে।
অপরদিকে গত বছর এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী বোয়িং কোম্পানী রেকর্ড পরিমাণ উড়োজাহাজ কেনার প্রস্তাব পায়। এই সংখ্যা ছিলো দুহাজার ৫৭ টি।
এশিয়ান এয়ারস্পেস’র উড়োজাহাজ প্রদর্শনীতে বুধবার সাংবাদিকদের এয়ারবাসের কর্মকর্তা জন লেথি বলেন, আমরা আমাদের লক্ষ্যে স্থির আছি।
তিনি বলেন, উড়োজাহাজ কেনাবেচার ক্ষেত্রে এশিয়ার অবস্থান বেশ ভালো।
লেথি জানান, আগামী কয়েক মাসে বেশ কয়েকটি এয়ারলাইন্স মাঝারি আকৃতির এয়ারবাস- ৩৫০ উড়োজাহাজ আগামী ২০১০ সালের মধ্যে কেনার বিষয়ে চুক্তি করবে বলে তারা আশা করছেন।
তিনি আরো আশা প্রকাশ করেন, আরো নুতন দুটি এয়ারলাইন্স ৫৫৫ আসনের এয়ারবাস-৩৮০ কিনতেএ বছর চুক্তি করবে।
ওই নতুন মডেলের এয়ারবাস উড়োজাহাজগুলো কেমন হবে, তা জানতে চাওয়া হলে তিনি বলেন, নতুন উড়োজাহাজগুলো এখনো নির্মাণাধীন। এর মধ্যে এক হাজার আসনের এ-৩৮০ মডেলের এবং জনপ্রিয় এ-৩৩০-২০০ মডেলের যাত্রীবাহী উড়োজাহাজের আদলে কার্গো উড়োজাহাজ রয়েছে।
তিনি বলেন, আমরা উড়োজাহাজগুলোতে সব সময় অত্যাধুনিক প্রযুক্তি এবং সুযোগ-সুবিধা সংযোজনের চেষ্টা করি। তবে এ ক্ষেত্রে আমরা ক্রেতার চাহিদাকে সবচেয়ে বেশী গুরুত্ব দেই।
তিনি আরো বলেন, এয়ারবাস-৩৩০ কার্গো উড়োজাহাজ বাজারে ছাড়া হলে এয়ারবাস-৩০০-৩১০ নির্মাণ খুব দ্রুত বন্ধ হয়ে যাবে।
লেথি বলেন, এরফলে সম্ভাব্য বাণিজ্যক প্রভাব কি হতে পারে তা, এয়ারবাস কোম্পানী তা খতিয়ে দেখছে।
তিনি বলেন, এয়ারলাইন্সগুলো চায়, সবচেয়ে কম বিক্রি হওয়া চার ইঞ্জিন বিশিষ্ট এ-৩৪০ উড়োজাহাজে পরিবর্তন আনা হোক। অপরদিকে বোয়িং-৭৭৭ বিক্রি হচ্ছে বেশী। এর একটি কারণ, এ সব উড়োজাহাজের জ্বালানী খরচ তুলনামূলকভাবে কম।
