পুরুষদেরও স্তন ক্যান্সারের জন্য সতর্ক হতে হবে
স্তন ক্যান্সারের একজন বিশেষজ্ঞ জানিয়েছেন বর্তমানে স্তনের ক্যান্সারে অনেক পুরুষ মৃত্যুবরণ করে কারণ তারা এ রোগের উপসর্গ সম্পর্কে মোটেই সচেতন নয় এবং এ ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিতে তারা অনেকেই বিব্রতবোধ করেন।
স্তন ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক আইয়ান ফেন্টিম্যান জানান, প্রতি বছর ইংল্যান্ডে ২৫০ জন পুরুষ এ রোগে আক্রান্ত হয় এবং এদের মধ্যে ৭০ জন এই রোগে মৃত্যুবরণ করে।
কিন্তু আক্রান্তদের মধ্যে অর্ধেক পুরুষেরই এই রোগ নির্ণয় হয় শেষ পর্যায়ে।
এই রোগের সাধারণ উপসর্গগুলো হলো, বুকের ভেতরে ব্যথাহীন মাংসপিন্ডের স্ফিতি এবং স্তনের বৃন্ত ভেতরে ঢুকে যায়।
আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, জাইনেকোমাস্টিয়া নামক একটি সাধারণ রোগের উপসর্গগুলো একই রকম।
অধ্যাপক ফেন্টিম্যান জানান, প্রাথমিক পর্যায়ে এ রোগ নির্ণয় হলে ৭৫-১০০% পর্যন্ত রোগ মুক্তি সম্ভব। কিন্তু এই রোগ জটিল অবস্থায় গেলে ৩০% রোগ মুক্তির সম্ভাবনা থাকে। তিনি আরও জানান, এই রোগটি সম্পর্কে পুরুষেরা সম্পূর্ণভাবেই অজ্ঞ।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, কোন পুরুষের বুকে মাংসপিন্ডের স্ফিতি ধরা পড়ার ১৬ মাস পর তারা চিকিৎসা করাতে যায়। এটা যে স্তনের ক্যান্সার হতে পারে সে ব্যাপারে তারা ধারনাই করতে পারে না।
ফলে তারা শেষ পর্যন্ত যখন চিকিৎসা করতে যায় তখন তাদের রোগ মুক্তির সম্ভাবনা একেবারেই কমে যায়।
