পুতিন আলোচনার জন্য হামাস নেতৃবৃন্দকে মস্কো আমন্ত্রণ জানাবেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিলিস্তিনের সংসদ নির্বাচনে বিজয়ী ইসলামী সংগঠন হামাস দলকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার ব্যাপারে আলোচনার জন্য মস্কো আমন্ত্রণ জানাবেন।
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের যুদ্ধ-বিবাদ নিরসনে চারপক্ষীয় আন্তর্জাতিক জোট ‘রোডম্যাপ’ নামে একটি শান্তি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে আসছে। এই জোটের প্রথম দেশ হিসেবে রাশিয়াই ফিলিস্তিনের এই চরমপন্থি ইসলামী দল হামাসের সাথে আলোচনায় বসতে যাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়ন মার্কিন প্রশাসন ও জাতিসংঘ দীর্ঘদিন ধরেই হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে আসছে। বুশ প্রশাসন ও ইইউ-এর নেতৃবৃন্দরা হামাসের প্রতি রাশিয়ার এই কূটনৈতিক আমন্ত্রণে বিস্ময় প্রকাশ করেছে। তারা জানিয়েছে রাশিয়া এ ব্যাপারে তাদেরকে কোন প্রকার পূর্ব সংকেত দেয়নি।
মার্কিন পররাষ্ট্র দফতরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হামাসের প্রতি রাশিয়ার এই আমন্ত্রণের ব্যাপারে বলেছেন, চরমপন্থি এই দলটির ব্যাপারে আন্তর্জাতিক জোটের নীতিমালা মেনে চলাই রাশিয়ার জন্য ভাল হবে। এই নীতির মধ্যে রয়েছে যে, হামাসকে ইসরাইলের অস্তিত্ব স্বীকার করে নিতে বাধ্য করা এবং সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করে পূর্ববর্তী ফিলিস্তিনি সরকারের মত শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করা।
ইইউ এবং মার্কিন প্রশাসন জানিয়েছে হামাস যদি সন্ত্রাস পরিহার না করে এবং ইসরায়েলকে স্বীকৃতি না দেয় তাহলে হামাসের সাথে তাদের কোন প্রকার সম্পর্ক বা আলোচনা সম্ভব নয়। জাতিসংঘও হামাসকে অস্ত্র পরিহার করে গণতন্ত্রের পথে আহবান জানিয়েছে।
এদিকে হামাস জানিয়েছে তারা ইসরাইলের অস্তিত্বকে কিছুতেই মেনে নেবে না । এমনকি ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক অর্থ সাহায্য বন্ধ হয়ে গেলেও তারা ইসরাইলের ধ্বংস কামনা করে যাবে।
