ফ্রান্সে ২৫০০০ বছরের পুরোনো গুহাচিত্রের সন্ধান লাভ
পশ্চিম ফ্রান্সের ভিলহোনিয়রে একটি গুহায় ২৫০০০ বছরের পুরোনো বেশ কিছু গুহাচিত্র আবিষ্কৃত হয়েছে।
ধারনা করা হচ্ছে বিখ্যাত ল্যাকস গুহার চিত্রগুলো থেকেও নতুন আবিষ্কৃত এই চিত্রগুলি আরো প্রাচীন।
ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রনালয়ের কর্মকর্তাদের প্রাথমিক পর্যবেক্ষনে ধারনা করা হচ্ছে যে এই গুহা চিত্রগুলো ২৫০০০ বছরের পুরোনো । তবে পর্যবেক্ষক দল জানিয়েছেন যে আরো গবেষণার পর গুহা চিত্রের প্রকৃত ইতিহাস ও সঠিক সময় সম্পর্কে জানা যাবে।
তাদের এই পর্যবেক্ষন সত্য প্রমানিত হলে ল্যাকস ও স্পেনের আলতামিরা গুহা চিত্রের প্রাচীনতা সম্পর্কে এতদিন ধরে যে বৈজ্ঞানিক সত্য জানা যায় তা আর টিকবেনা বলে জানালেন স্থানীয় সরকার প্রধান মিশেল বোটন্ট।
দক্ষিন-পশ্চিম ফ্রান্সের মন্টিগন্যাকে অবস্থিত বিখ্যাত ল্যকস গুহা চিত্রগুলোকে দীর্ঘদিন ধরেই সেরা গুহাচিত্র হিসেবে বিবেচনা করা হয়ে আসছে। এখানকার চিত্রগুলো স্পেনের আলতামিরা গুহাচিত্রের মতোই ১৩০০০ বছরের পুরোনো।
এদিকে ফ্রান্সের দক্ষিন-পূর্বে অবস্থিত শ্যভেট নামক গুহায় প্রস্তর যুগে ৩০০টির মতো প্রানীর চিত্র রয়েছে যার কিছু কিছু চিত্র প্রায় ৩১০০০ বছরের পুরোনো।
