ঘন কুয়াশায় অচল হিথ্রো, শত শত ফ্লাইট বাতিল
ঘন কুয়াশায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরের অচলাবস্থা এখনো কাটেনি। শুক্রবারও ভারী কুয়াশা থাকায় সেখানে আরও শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। মারাত্মক ফ্লাইট জটে আটকা পড়া হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পোহাচ্ছে বিমানবন্দরে।
হিথ্রো বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলের ঘোষণা করা হয়েছে। বিমান সংস্থাটির কর্তৃপক্ষ জানিয়েছেন, ইউরোপের বেশকিছু ফ্লাইটও বাতিল করা হয়েছে এবং আরও অনেক ফ্লাইটকে অবতরণ করাতে হবে।
বিমান সংস্থাটি জানায়, ঘন কুয়াশার প্রকোপ আরও ৪৮ ঘন্টা স্থায়ী হতে পারে। এদিকে লন্ডনের আবহাওয়া অফিস সতর্ক করে দিয়ে বলেছে যে, ইংল্যান্ডের দক্ষিণপূর্ব অঞ্চলে বড়দিন ছাড়িয়ে আগামী সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে ঘন কুয়াশা।
হিথ্রো বিমানবন্দরের ১ হাজার ৩০০ ফ্লাইটের মধ্যে কমপক্ষে ৩৫০টি ফ্লাইটই বাতিল করা হয়েছে। লন্ডন ছাড়াও ব্রিটেনের অন্যান্য স্থানেও কুয়াশার কারণে ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর মধ্যে শুধু স্কটল্যান্ডেই বাতিল করা হয়েছে ৩০টি ফ্লাইট।
হিথ্রোতে আটকা পড়া পাঁচ শ'রও বেশী যাত্রী টার্মিনালে রাত কাটাতে বাধ্য হন বৃহস্পতিবার। বিভিন্ন জায়গা থেকে ট্রানজিট হিসেবে লন্ডনে আসা যাত্রীরা আশঙ্কা করছেন এবারের ‘বড়দিনটা’ তাদেরকে হয়তো হিথ্রোতেই কাটাতে হবে।
