২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জয় দত্তের জামিন দুই দিন বেড়েছে

অবৈধ অস্ত্র রাখার দায়ে দোষীসাব্যস্ত বলিউড তারকা সঞ্জয় দত্তের জামিন দুই দিন বাড়িয়েছে আদালত। ভারতের ভয়াবহতম বোমা হামলার জন্য অভিযুক্ত সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে অস্ত্র কেনায় গত মাসে দোষীসাব্যস্ত হন তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Dec 2006, 02:55 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বলিউডের এই জনপ্রিয় অভিনেতা অবশ্য ১৯৯৩ সালের ওই বোমা হামলার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ থেকে অব্যাহতি পান। ভারতের অর্থনীতির প্রাণকেন্দ্র মুম্বাইয়ে ধারাবাহিক ওই হামলায় ২৫৭ জন নিহত হয়।

একটি পূর্ণাঙ্গ জামিন আবেদন দাখিল করার জন্য আদালত তাকে এই সময় দিয়েছে। মামলার তদন্ত চলাকালীন তিনি এক বছর জেলে আটক ছিলেন। তারপর তিনি জামিনে মুক্তি পান।

বৃহস্পতিবার তাকে আবার আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। এই মামলায় আগামী জানুয়ারিতে তার ব্যাপারে রায় দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সঞ্জয় দত্তের আইনজীবী বলেছেন, জামিনে থাকাকালীন বছরগুলোতে তার “ভাল আচরণ” আদালত বিবেচনা করবে বলে তারা আশা করছেন।

দীর্ঘসময় ধরে চলা পৃথিবীর কয়েকটি মামলার অন্যতম এই মামলায় বিশেষ আদালত ইতিমধ্যেই ১০০ জনকে হামলার জন্য দোষীসাব্যস্ত করেছে। এদের বেশিরভাগই মুসলমান। ভারতের দাবী, এ হামলার পেছনের প্রধান ব্যক্তি দাউদ ইব্রাহিম এখন পাকিস্তানে আছেন।