চীনের প্রাচীরের সুরক্ষায় আশাবাদী বিশেষজ্ঞরা
মঙ্গোলিয়ার যাযাবর যোদ্ধা, জাপানের সেনাবাহিনী আর লালফৌজের দৌরাত্ম্য, ২০০০ বছরের ইতিহাসে ঠায় দাঁড়িয়ে আরো কত কী দেখেছে, কত কী সয়েছে চীনের প্রাচীর।
কিন্তু এতোসব যুদ্ধ বিগ্রহ, ঝড় ঝঞ্জা সয়ে শেষে কি পর্যটকদের পদাঘাতে ক্ষয়ে যাবে এ মহাপ্রাচীর? তাই তো প্রাচীরের সুরক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি এর সুরক্ষায় জরিমানার বিধানসহ নতুন একটি আইন পাস করেছে চীন সরকার।
মধ্য যুগের সপ্তমাশ্চার্য এ মহাপ্রাচীর বহুদিন ধরেই চীনের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান। মানুষের ভিড় দিন দিন আরো বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাচীরের কোন কোন স্থানে এখন প্রতিমাসে যে পরিমাণ পর্যটক ভ্রমণ করছেন, তা গত তিন শতাব্দীতে সেখানে আসা মোট পর্যটকের সংখ্যার চেয়েও বেশি। তাই এর যত্ন আর সুরক্ষার বিষয়টিও হয়ে উঠেছে খুবই গুরুত্বপূর্ণ ।
তবে এর ভবিষ্যত সুরক্ষার ব্যাপারে হতাশ নন বিশেষজ্ঞরা। ব্রিটিশ ভূগোলবিদ এবং ‘ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস অফ দি গ্রেট ওয়াল’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক উইলিয়াম লিন্ডসে এ বিষয়ে খুবই আশাবাদী। বেইজিংয়ে শুক্রবার বিদেশি সাংবাদিকদের ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
লিন্ডসে বলেন, মহাপ্রাচীরের সুরক্ষায় চীন সরকারের নতুন আইন পাস এবং অন্যান্য ব্যবস্থা খুবই আশাব্যঞ্জক। ডিসেম্বরের ১ তারিখ থেকেই কার্যকর হয়েছে এ আইন। কোন ব্যক্তি প্রাচীরের গা থেকে মাটি বা ইট খুলে নিয়ে গেলে কিংবা এর ক্ষতিসাধন করলে ৬৩,৯৫০ ডলার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে এ আইনে।
৬,৪০০ কিলোমিটার দীর্ঘ এ মহাপ্রাচীরে বছরে মোট পর্যটকের সংখ্যা ১ কোটিরও বেশি। যার বেশিরভাগই ভ্রমণ করেন বেইজিংয়ের কাছে প্রাচীরের কয়েক কিলোমিটার অংশ। আবহাওয়া জনিত ক্ষয় এবং যুদ্ধবিগ্রহ আর অযত্ন অবহেলায় মূল প্রাচীরের বহু অংশ যেমন নষ্ট হয়েছে, তেমনি পুনর্নির্মাণও হয়েছে বহুবার। বর্তমান সুরক্ষা পরিকলপনার অংশ হিসেবে আরও উন্নত পদ্ধতি প্রয়োগ করে প্রাচীরের বিভিন্ন অংশ নতুন করে নির্মাণের কাজও হাতে নিয়েছে সরকার।
