২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মীয় পরিষদ নির্বাচন নিয়ে পরীক্ষার মুখোমুখি আহমাদিনেজাদ

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম পরীক্ষার মুখোমুখি হচ্ছেন মাহমুদ আহমাদি নেজাদ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Dec 2006, 04:19 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

শুক্রবার দিনব্যাপী ভোটে দেশের সর্বোচ্চ ধর্মীয় পরিষদ ও স্থানীয় কাউন্সিল সদস্যদের নির্বাচিত করতে যাচ্ছে ইরানিরা।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ধর্মীয় পরিষদটি পার্লামেন্টের অংশ এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব বহন করে। ইরানের সর্বোচ্চ এ প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ধর্মীয় সভার ৮৬ টি সদস্য পদে নির্বাচন হচ্ছে।

স্থানীয় সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ফলাফল আসতে রোববার লেগে যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বর্তমানে দেশটিতে মোট ভোটারের সংখ্যা চার কোটি ৬৫ লাখ। কোনো জনমত জরিপের প্রক্রিয়া নেই বলে ভোটের ফলাফল সম্পর্কে আগাম ধারণা কেউ দিতে পারছে না।

ভোটের আগে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, আমি বিশ্বাস করি ভোট দেওয়ার মধ্য দিয়ে ইরানের জনগণ বিশ্ববাসীকে তাদের দূরদর্শিতার পরিচয় পুনর্বার তুলে ধরবে।

নির্বাচনে সবার নজর থাকবে তেহরানের সিটি কাউন্সিলের পদগুলো নিয়ে। এখন পর্যন্ত সেগুলো আহমাদিনেজাদের নেতৃত্বাধীন কট্টরপন্থীদের নিয়ন্ত্রণে থাকলেও এবার তাদের মাঝে কোন্দল দেখা দিয়েছে। তেহরানের মেয়র মোহাম্মদ বাকের খালিবাফের সঙ্গে প্রেসিডেন্টের মতদ্বন্দ্বের ফসল ঘরে তুলতে চায় সংস্কারপন্থীরা। বিজয় নিয়ে খুব বেশি আশাবাদী না হলেও সংস্কারপন্থী এক কর্মী বলেন, আমি চাই সবাই ভোট দিক। নইলে কট্টরপন্থীরা আরো শক্তিশালী হবে।