২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের সরবরাহ আরও কমানোর সিদ্ধান্ত বদলাতে পারে ওপেক

তেলের সরবরাহ আরও কমানোর সিদ্ধান্ত বদলানোর ইঙ্গিত দিয়েছে ওপেক।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Dec 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

ক্রেতা দেশগুলোর পক্ষ থেকে শীতকাল না যাওয়া পর্যন্ত তেল সরবরাহ আর না কমানোর অনুরোধ জানানোর পর ওপেক এ ইঙ্গিত দেয়।

বৃহস্পতিবার ওপেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে অক্টোবর মাসে এক বৈঠকে ওপেক বিশ্ব বাজারে তেল সরবরাহ প্রতি দিন ১২ লাখ ব্যারেল করে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে বিশ্ব বাজারে তেলের দামে অস্থিতিশীলতা দেখা দেওয়ায় বিশ্ব অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে।

মার্কিন জ্বালানিমন্ত্রী স্যাম বডম্যান ও আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ক্লদ মান্দিল ওপেকের কাছে আগামী বছর পর্যন্ত তেল সরবরাহ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করার আহ্বান জানান।

২৬টি শিল্পোন্নত দেশের সংগঠন আইইএ বুধবার তাদের এক মাসিক প্রতিবেদনে জানায়, ওপেকের ওই সিদ্ধান্তের ফলে সৃষ্ট পরিস্থিতি যে ভালো নয় তা তারা নিজেরাই বুঝতে পারছে।

ঝুঁকিপূর্ণ বিশ্ব অর্থনীতিকে এবারের শীতেও চড়া দামে তেল বিক্রি করা দেখতে হবে বলে ওই প্রতিবেদনে বলা হয়।

তবে নাইজেরিয়া সফররত লিবিয়ার প্রতিনিধি দলের প্রধান শোকরি ঘানেম বুধবার রয়টার্সকে বলেন, “আমার মনে হয় না তেলের সরবরাহ আবারও কমানো হবে।”

ওপেক অবশ্য মনে করে বাজারে তেলের অতিরিক্ত সরবরাহ রয়েছে। তবে সরবরাহ আরও কমানো হলে তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলারের ওপরে চলে যাবে বলে ওপেকের কয়েক মন্ত্রী মনে করেন।

সে কারণে শীর্ষ রপ্তানিকারক সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ তেল সরবরাহ আর না কমানোর পক্ষপাতী বলে ওপেকের এক প্রতিনিধি জানান। তারা চান, ওপেক বর্তমান সিদ্ধান্তে অটল থাকুক।

কয়েকটি দেশের মন্ত্রীরা ইতোমধ্যে জানিয়েছেন, তারা ওই সমস্যা নিয়ে বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা করতে রাজি আছেন।

তবে তেলের সরবরাহ আদৌ কমানো হবে কি হবে না তা নিয়ে মন্তব্য করতে রাজি হননি ওপেকের প্রেসিডেন্ট এডমুন্ড দাওকরু। তিনি অবশ্য বরাবরই তেলের সরবরাহ কমিয়ে দেওয়ার পক্ষপাতী।

নাইজেরিয়ার জ্বালানি তেলমন্ত্রী দাওকরু বলেন, “বৈঠকে বসার পর সবকিছু বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্ত নেব যা আমাদের নিজেদের জন্য, ক্রেতাদের জন্য এবং বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে ভালো ফল বয়ে আনবে।”