গাজায় বিচারককে গুলি করে হত্যা
ফিলিস্তিনের ক্ষমতাসীন হামাস সরকারের নিয়োগ করা বিচারক বাসাম আল-ফারাকে বুধবার গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।
হামাস কর্মকর্তারা বলেছেন, বিচারক আল-ফারা খান ইউনিস শহরে বিচারালয়ে যাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করে ৪ অজ্ঞাত বন্দুকধারী। বেসামরিক আদালতের ২৮ বছর বয়সী ওই বিচারক হামাসের সশস্ত্র শাখারও সদস্য ছিলেন।
এ হত্যাকান্ডের দায়িত্ব কেউ স্বীকার না করলেও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহকেই দায়ী করছে হামাস। বর্ষীয়ান হামাস এমপি মুশির আল-মাসরি বলেছেন, হামাস সরকারকে ক্ষমতা থেকে হটাতে চায় ফাতাহ’র এমন অভ্যুত্থানপন্থীরাই এজন্য দায়ী। ফিলিস্তিনের রাস্তায় রাস্তায় সব গন্ডগোলের জন্য তারাই দায়ী।
অন্যদিকে ফাতাহ মুখপাত্র তৌফিক আবু মূসা হামাসের সমালোচনা করে বলেছেন, তদন্ত শুরুর আগেই তড়িঘড়ি করে ফাতাহকে দায়ী না করে হামাসের ভাইদের উচিৎ ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া।
প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার হামাস সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহকে দোষারোপ করে আসছে হামাস। তবে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনে হামাস ও ফাতাহ’র ব্যর্থতাই এ সংকটের মূল কারণ বলে মনে করছে বিশ্লেষকরা। ঐকমত্যের সরকার গঠন না হলে পশ্চিমাদের বয়কটের হাত থেকে রেহাই পাবে না ফিলিস্তিন।
সম্প্রতি ফাতাহপন্থী গোয়েন্দা কর্মকর্তা বালাশোরের ৩ শিশুকে স্কুলে যাওয়ার পথে গুলি করে হত্যার ঘটনায় মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়ে হামাস ও ফাতাহ। হানিয়ার অনুগত পুলিশ বাহিনী এবং আব্বাসের নিরাপত্তা বাহিনী সংঘাতে জড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনাও ঘটে। এতে দুপক্ষে ৪ জন আহত হয়। এসব ঘটনায় গাজায় উত্তেজনা বিরাজ করছে।
