মস্কো-পিয়ংইয়ং গোপন আলোচনা
ছয় জাতি আলোচনায় সমর্থন পাওয়ার বিনিময়ে রাশিয়াকে গোপনে ইউরেনিয়াম সরবরাহের প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। জাপানের টোকিও শিমবুন পত্রিকা রোববার এ খবর দিয়েছে।
রুশ সরকারের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, ২০০২ সালের পর থেকেই ইউরেনিয়াম নিয়ে মস্কো ও পিয়ংইয়ং গোপনে আলোচনা চালিয়ে যচ্ছে। চীন ও ভিয়েতনামে জ্বালানি হিসেবে বিক্রির জন্য রাশিয়া উত্তর কোরিয়া থেকে ইউরেনিয়াম সংগ্রহ করতে চায়। আর বিনিময়ে পিয়ংইয়ংয়ের চায় ছয় জাতি আলোচনায় মস্কোর সমর্থন।
উত্তর কোরিয়া পরমাণু ইস্যুতে ছয় জাতি আলোচনা অনেক দিন ধরেই স্থবির। এর মধ্যে গত অক্টোবরে পরমাণু পরীক্ষা চালালে জাতিসংঘ উত্তর কোরিয়ার অস্ত্র কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
তবে সাম্প্রতিক সময়ে ছয় জাতি আলোচনা আবার শুরুর চেষ্টা চলছে। কয়েক সপ্তাহের মধ্যে আলোচনা শুরু হতে পারে, এমন সম্ভাবনাও দেখা দিয়েছে।
