জন্মবার্ষিকীর উৎসবে থাকতে পারছেন না ক্যাস্ট্রো
নিজের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হওয়া আড়ম্বরপূর্ণ উৎসবে যোগ দিতে পারবেন না-এমন আশঙ্কার কথা জানালেন কিউবার অসুস্থ নেতা ফিদেল ক্যাস্ট্রো।
‘জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার মতো শারীরিক সুস্থতা আমার নেই’ , রাজধানী হাভানায় কার্ল মার্ক্স থিয়েটারে গালা উৎসবে বহু দেশ থেকে আসা ক্যাস্ট্রো সমর্থকদের উদ্দেশে ফিদেল ক্যাস্ট্রোর পক্ষ থেকে মঙ্গলবার এই বিবৃতি পড়ে শোনান তার একজন মুখপাত্র।
গালা উৎসবের মধ্য দিয়েই শুরু হতে মহান এই বিপ্লবীর ৮০তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান।
ফিদেল ক্যাস্ট্রোর জন্মদিন ছিল ১৩ ই আগস্ট। তবে অসুস্থতাজনিত অস্ত্রোপচারের কারনে আগস্টে তার জন্মবার্ষিকী উদযাপন করতে পারেনি কম্যুনিস্ট শাসিত দেশ কিউবা। জুলাইয়ের শেষ দিকেই শারীরিক অসুস্থতার কারনে ছোটো ভাই রাউল ক্যাস্ট্রোর কাছে অস্থায়ীভিত্তিতে ক্ষমতা হস্তান্তর করে হাসপাতালে ভর্তি হন তিনি।
৮০ টি দেশ থেকে প্রায় ১৫শ অতিথি ক্যাস্ট্রোর এই জাঁকজমকপূর্ণ জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে যোগ দিতে আসছেন বলে জানা গেছে। এদের মধ্যে আছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস, হাইতির প্রেসিডেন্ট রেনে প্রেভাল এবং নিকারাগুয়ার নব-নির্বাচিত প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা। তবে ক্যাস্ট্রোর ঘনিষ্ঠ বন্ধু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ তার দেশে ডিসেম্বরের তিন তারিখ অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে প্রচারণায় ব্যস্ত থাকায় আসতে পারছেন না।
