বিজ্ঞাপনের জন্য মহাকাশে গলফ শট
জীবনে মাত্র দুবার গলফ খেলেছেন তিনি। কিন্তু তাতে কিছুই যায় আসে না। আগামী সপ্তাহে তিনি এমন কায়দায় গলফ বল মারতে যাচ্ছেন যা কিংবদন্তী খেলোয়াড় টাইগার উডসও কখনো মারতে পারেননি।
মহাকাশে হবে এই খেলা। খেলোয়াড়টি হচ্ছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত রাশিয়ার নভোচারী মিখাইল তাইয়ুরিন। মহাকাশ স্টেশনের রুশ ডকিং পোর্টের ওপর বিশেষভাবে স্থাপন করা হয়েছে বলটি। বুধবার সন্ধ্যায় স্পেস ওয়াকের শুরুতে বলটিতে স্টিক ছোঁয়াবেন তিনি।
বিরল এ দৃশ্য ক্যামেরায় ধারণ করে ব্যবহার করা হবে একটি বিজ্ঞাপনে। এতো প্রস্তুতি এতো আয়োজন সব ওই বিজ্ঞাপনের জন্যই। কানাডার ‘এলিমেন্ট টুয়েন্টি ওয়ান গলফ কোম্পানি’ এ বিজ্ঞাপনের জন্য রাশিয়ানদের বিপুল অর্থ দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় আইনে নিষেধ থাকায় যুক্তরাষ্ট্রের স্পেস এজেন্সি নাসা অবশ্য এজন্য কোন অর্থ নিতে পারছে না।
মহাকাশ থেকে কক্ষপথে গলফ বল ছুঁড়ে মারা যেনতেন ব্যাপার নয়। তাইয়ুরিনকে নিয়মমাফিক অনুশীলন করতে হয়েছে এজন্য। সাধারন গলফ বলের ওজন ৪৫ গ্রাম হলেও মহাকাশের অবস্থা বিবেচনা করে মাত্র ৪.৫ গ্রাম ওজনের একটি বল বানানো হয়েছে বিশেষভাবে। নাসার ফ্লাইট পরিচালক হলি রাইডিংস জানালেন স্টেশনের ক্রুরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে গলফ শটের বিষয়টি। স্পেস ওয়াকের সময় গলফ স্টিক দিয়ে বলটিকে শট দিতে তাইয়ুরিনকে সাহায্য করবেন স্টেশন কমান্ডার মিশেল লোপেজ এলেগ্রিয়া। দৃশ্যটি ধারণের জন্য ক্যামেরায় থাকবেন তিনি। মোটাসোটা ভারী স্পেসস্যুটের কারণে দু’হাত একসঙ্গে করা সম্ভব না হওয়ায় একহাতেই শট দিবেন তাইয়ুরিন।
স্টেশন থেকে কক্ষপথে ছুঁড়ে মারা বলটি মহাকাশ বর্জ্য হিসেবে স্টেশনে ফিরে এসে পাল্টা আঘাত হানার বিপদ ডেকে আনবে কি না তা নিয়েও বিস্তর গবেষণা করেছে নাসা। তারা বলছেন এরকম কোন আশঙ্কা নেই বলে তারা নিশ্চিত। তাদের ধারণা কক্ষপথে পড়ার পর মাত্র তিন দিনের মধ্যেই পুড়ে ছাই হয়ে যাবে বলটি।
বিজ্ঞাপনী চমকের জন্য পরিকল্পিত হলেও কক্ষপথে তাইয়ুরিনের এ গলফ বল ছোঁড়া একটি রেকর্ড হয়ে থাকবে। তাইয়ুরিন জানান, রাশিয়ার স্পেস এজেন্সির বাণিজ্যিক কার্যক্রমের অংশ এই গলফ বৃত্তান্ত। এর আগে ১৯৭১ সালে এপোলো-১৪ অভিযানে চাঁদে নেমে লোহার বার দিয়ে সেখান থেকে একটি গলফ বল ছুঁড়ে মেরেছিলেন যুক্তরাষ্ট্রের নভোচারী এলান শেফার্ড।
