মানব ঢালের কারণে হামলা বাতিল ইসরায়েলের
গাজায় সন্দেহভাজন এক গেরিলার বাসভবনে বিমান হামলার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার কয়েক শ’ ফিলিস্তিনি ওই গেরিলার বাসভবনে জড়ো হয়ে মানব ঢাল তৈরি করায় ইসরায়েল সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র এবং প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন।
ফিলিস্তিনিরা বলছে, এই প্রথম কোনো প্রতিবাদের মুখে ইসরায়েল তার পূর্ব পরিকল্পিত হামলা বাতিল করার সিদ্ধান্ত নিল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে ব্যাপক প্রাণহানি এড়াতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিস্তিনের জাবালিয়া শরণার্থী শিবিরে পপুলার রেজিসটেন্স কমিটির ওই গেরিলা সদস্যের বাসস্থানে বোমা নিক্ষেপ করা হবে বলে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল তার পরিবারকে।
এ খবর পেয়ে গেরিলা পরিবারটির কয়েশ শ’ প্রতিবেশী গেরিলা পরিবারটির বাসার বাইরে ও ভেতরে অবস্থান নেয়। অনেকে ছাদের উপরও উঠে বসে থাবে। অভিনব এই প্রতিবাদের নেতৃত্ব দেন হামাস গ্রুপের সিনিয়র নেতা নাজির রায়ান। গেরিলা পরিবারটির বাসস্থানের চতুর্র্দিকে এবং ঘরের বাইরে ও ভেতরে তাদের অবস্থান নেওয়ার দৃশ্য টেলিভিশনের মাধ্যমে সরাসরি প্রত্যক্ষ করে ফিলিস্তিনের বাদবাকি মানুষ।
প্রতিবাদকারীরা এসময় “আমেরিকা নিপাত যাক”, “ইসরায়েল নিপাত যাক” বলে শ্লোগান দিচ্ছিল।
