২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন বোল্টনকে নিয়ে চাপের মুখে বুশ

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে উভয় পরিষদে ডেমক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা লাভের পর প্রেসিডেন্ট বুশ আহ্বান জানিয়েছেন এক সঙ্গে কাজ করার ব্যাপারে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Nov 2006, 04:20 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

কিন্তু এই সঙ্গে কাজ করার ব্যাপারে প্রশ্ন হয়ে দেখা দিয়েছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত জন বোল্টন। বুশ চাচ্ছেন জন বোল্টনকে পুনরায় ওই পদে নিয়োগ দিতে। কিন্তু বাদ সেধেছেন ডেমক্র্যাটরা। ফলে এ মুখোমুখি অবস্থান থেকে শেষ পর্যন্ত হয়ত পিছু হটতে হতে পারে বুশকে। আর তাহলে পদ হারাতে হবে বিতর্কিত জন বোল্টনকে।

প্রেসিডেন্ট বুশ বৃহস্পতিবার সিনেটকে আহ্বান জানিয়েছেন বোল্টনকে যেন আবার জাতি সংঘে নিয়োগের বিষয়টি বিবেচনা করা হয়। বর্তমান সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এ সিনেট দায়িত্ব পালন করবে আগামী জানুয়ারি পর্যন্ত। ফলে বুশ প্রশাসনের সুযোগ রয়েছে এর মধ্যেই কিছু পাশ করিয়ে নেয়া। কিন্তু বোল্টনকে নিয়ে আপত্তি রয়েছে খোদ রিপাবলিকান দলেই। রিপাবলিকান সিনেটর লিংকন শ্যাফি বিরোধিতা করছেন বোল্টনের পুনঃনিয়োগের। আর শ্যাফির সমর্থন ছাড়া বুশের পক্ষে সম্ভব নয় বোল্টনের বিষয়টি পাশ করিয়ে আনা।

হোয়াইট হাউজের মুখপাত্র টনি স্নো বলেছেন, “বোল্টনের অধিকার রয়েছে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার। প্রেসিডেন্ট বুশ চান বিদায়ী সিনেট যেন বিষয়টি পাশ করে।”

গত বছর জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি হিসেবে জন বোল্টনের নিয়োগ ঠেকিয়ে দেন ডেমক্র্যাটরা। বর্তমানে অস্থায়ী ভিত্তিতে তিনি কাজ করে যাচ্ছেন। তার মেয়াদ ফুরিয়ে যাবে জানুয়ারিতেই। আর তাই আগে থেকেই কাজটি সেরে নিতে চাইছে বুশ প্রশাসন।

ডেমক্র্যাটদের অভিযোগ, এর আগে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনকালে জন বোল্টন তার পদের অপব্যবহার করেছেন। সিনেটে ডেমক্র্যাট দলের নেতা হ্যারি রিডের মুখপাত্র জিম ম্যানলে বলেন,“বোল্টনকে নিয়ে ডেমক্র্যাটদের মধ্যে সুষ্পষ্ট উদ্বেগ রয়েছে। আর তার তো সব রিপাবলিকানের সমর্থন পেতেই সমস্যা হবে।”

ডেমক্র্যাটরা আরো বলছেন, নির্বাচনে মধ্য দিয়ে জনগণ কার্যত বুশের ইরাক নীতির বিরুদ্ধেই রায় দিয়েছেন। তারা পররাষ্ট্র নীতিতে নতুন দিক নির্দেশনা চায়।

গত ১২ বছর পর কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমক্র্যাটরা। ফলে মেয়াদের বাকি দু’বছর প্রেসিডেন্ট বুশকে ডেমক্র্যাটদের চাপের মুখেই থাকতে হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।