পৃথিবীতে প্রাণ উন্মেষের রহস্য জানাচ্ছে টাইটান
শনির চাঁদ টাইটানে এখন যে রকম আবহাওয়াগত পরিস্থিতি বিরাজ করছে, কোটি কোটি বছর আগে আমাদের পৃথিবীর চিত্রও ছিল অনেকটা একইরকম। এই চাঁদটির মতোই প্রাণরাসায়নিক উপাদানে সমৃদ্ধ কুয়াশার ন্যায় আবরণে ঢাকা ছিল আমাদের গ্রহ। এরকম অনুকূল পরিবেশ পেয়ে কালক্রমে পৃথিবীর বুকে জেগে ওঠে আদিম প্রাণ। গবেষকরা সম্প্রতি জানিয়েছেন এ তথ্য।
টাইটানকে পর্যবেক্ষণ করার পর অনেক বিজ্ঞানী তো এটিকে পৃথিবীর আদিম মডেল বলেই ঘোষণা করে বসেছেন। তারা আশা করছেন, টাইটানের পরিমন্ডলে যে ক্ষুদ্র কণা রয়েছে তা বিশ্লেষণ করে পৃথিবীতে প্রাণ উন্মেষের রহস্য উদঘাটন করা যাবে। মিথেন গ্যাসের সাথে সূর্যরশ্মির বিক্রিয়ায় অ্যারোসলের মতো এসব কণার সৃষ্টি হয়েছে। আর এই সৃষ্টি রহস্য বিশ্লেষণ করলে ৩.৬ বিলিয়ন বছর আগের পৃথিবী এবং আদিম অণুজীব সম্পর্কে বেশ তথ্য মিলতে পারে।
নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির পাঠানো ক্যাসিনি মহাকাশ যানের পাঠানো তথ্য-উপাত্ত বিশ্লেষন করে কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মার্গারেট টলবার্ট এবং তার সহকর্মীরা জানিয়েছেন চমকপ্রদ এই তথ্য। তারা টাইটানের অনুপাতে গবেষণাগারে আলট্রা ভায়োলেট বা অতি বেগুনি রশ্মির সাথে মিথেন গ্যাসের বিকিরণ ঘটিয়ে তাতে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করে কোটি কোটি বছর আগের পৃথিবীর বায়ুমন্ডল এবং প্রাণের অস্তিত্বের ওপর একটি ধারনা পাওয়ার চেষ্টা করেন। মৌলগুলোর রাসায়নিক বিক্রিয়ায় তারা এমন পরিশে সৃষ্টি করতে পেরেছেন যাতে সৃষ্ট প্রাণরাসায়নিক উপদান বর্তমান পৃথিবীর অনুজীবগুলোরও খাদ্য হতে পারে। স্বাচ্ছন্দ্যে বাঁচিয়ে রাখতে পারে সাধারণ অণুজীবগুলোকে।
টলবার্ট বলেন, “এই কণাগুলো যে কোনো প্রাণের স্ফুরণে খাদ্য উৎস হিসেবে কাজ করতে পারে।
