মাদক পাচারের দায়ে সৌদিতে পাকিস্তানির শিরোশ্ছেদ
মাদক পাচারের দায়ে সৌদি আরবে এক পাকিস্তানির শিরোশ্ছেদ করা হয়েছে। এ নিয়ে এ বছর সৌদি আরবের রক্ষণশীল রাজতন্ত্র ১৭ জনের শিরোশ্ছেদ করলো।
রাষ্ট্রায়ত্ত সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, গোলাম মোস্তাকবির মোহাম্মদ ইউসেফকে গাঁজা বহনের দায়ে জেদ্দার উপকূলীয় শহরে শিরোশ্ছেদের মাধ্যমে প্রাণদণ্ড দেওয়া হয়। পাচারের মাধ্যমে সৌদি আরবে এ গাঁজা নিয়ে আসা হয়েছিল। তবে এসপিএ এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।
সৌদি আরব কঠোর ইসলামি আইন মেনে তলোয়ার দিয়ে জনসমক্ষে শিরোশ্ছেদের মাধ্যমে প্রাণদণ্ড দিয়ে থাকে। দেশটিতে ২০০৪ সালে ৩৬ জন এবং ২০০৫ সালে ৮৬ জনকে এভাবে প্রাণদণ্ড দেওয়া হয়।
আগের বছরগুলোতে প্রাণদণ্ডের উচ্চ হারের কারণে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়ে সৌদি আরব। এ বছর তাই প্রাণদণ্ডের ব্যাপারে কিছুটা গোপনীয়তা মেনে চলা হচ্ছে।
সৌদি আরব মাদক পাচার ছাড়াও খুন ও ধর্ষণের দায়ে দণ্ডিতদের শিরোশ্ছেদের শাস্তি দিয়ে থাকে।
